অনেক আশা নিয়ে মালদ্বীপের বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। নতুন কোচ কাবরেরার অধীনে দীর্ঘদিনের হতাশার বৃত্ত ভেঙে ইতিবাচক ফল করতে চেয়েছিল। কিন্তু মালেতে ভাগ্য বদল হয়নি এবারও। ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে জামাল ভূঁইয়াদের।
বৃহস্পতিবার রাতে দুই অর্ধে একটি করে গোলের সুবাদে মালদ্বীপ প্রীতি ম্যাচটি জিতে নিয়েছে। প্রথমার্ধের ৩৮ মিনিটে হাসান রাইফ ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেছেন। বিরতির পর বাংলাদেশ গোল শোধের চেষ্টা চালালেও উল্টো আরও একটি গোল হজম করেছে। রাকিব হোসেন শুরুতে বল ফাঁকায় পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। ঠিক এর কিছুক্ষণ পর ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেছে মালদ্বীপ। এবার স্কোরশিটে নাম তুলেন ইব্রাহিম মাহমুদি।
দুই গোল হজমের পর ভাগ্য বদলাতে চেষ্টা অব্যাহত থাকে বাংলাদেশের। কিন্তু রিমন-সোহেল রানারা সফল হতে পারেননি। বরং স্বাগতিকরা কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ত্রাস ছড়িয়েছে বাংলাদেশ শিবিরে।
গত বছরও সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজনের অধীনে ঠিক ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার লাল-সবুজ দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরারও প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হলো না। আগামী ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে সিলেটে।









