মঙ্গোলিয়াতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। সেই অবস্থা থেকে সরাসরি বাংলাদেশের গরম আবহাওয়াতে খেলতে এসেছে দলটি। এসেই যেন হাঁসফাঁস করছে সবাই। আগের দিন ঢাকাতে এসে রবিবার সিলেট জেলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে অনুশীলন করেছে মঙ্গোলিয়া। সিলেটের আবহাওয়া গরম হলেও ম্যাচে ভালো ফল করতে চাইছেন দলটির জাপানি কোচ ওতসুকা ইচিরো।
বাংলাদেশে আসার আগে ফিফা প্রীতি ম্যাচে লাওসের কাছে হেরেছে মঙ্গোলিয়া। এখানে আসার আগে স্বাগতিক দল নিয়ে তেমন ধারণা নিয়েও আসেনি। প্রচণ্ড ঠাণ্ডার কারণে ঠিকমতো অনুশীলনও হয়নি। ৫৭ বছর বয়সী ইচিরো দুমাস হলো কোচের দায়িত্ব নিয়েছেন। স্বদেশী হেড কোচ অসুস্থ থাকায় তার ওপর দায়িত্ব অর্পিত হয়েছে। মূলত মঙ্গোলিয়া কোচ পেয়ে থাকে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে।
ইচিরো তাই সন্ধ্যার পর মাঠে দাঁড়িয়ে বলছিলেন,‘ সিঙ্গাপুরের পেশাদার লিগে আমি কোচিং বেশি করিয়ে থাকি। খেলোয়াড়দের কন্ডিশন ভালো নয়। ৬ মাস খেলার মধ্যে নেই দলটি। খেলবো কি করে খেলার মতো অবস্থায় কেউ ছিল না? লাওসের বিপক্ষে আগের ম্যাচে যদিও হেরেছি। আসলে আমাদের উন্নতি করতে হবে।’
ফিফা র্যাংঙ্কিংয়ে ১৮৪তম স্থানে থাকা মঙ্গোলিয়াতে পেশাদার লিগের প্রচলন আছ। ১০টি দল সেই লিগে খেলে। সিলেটে আসা বেশিরভাগ ফুটবলাররাই পেশাদার লিগ খেলে থাকে। তাদের একজন তো জার্মানির পঞ্চম স্তরে খেলছে।
ইচিরো পুরো দলকে অনুশীলন করানোর আগে আরও বলে গেছেন, ‘বাংলাদেশ ভালো দলকে মনে হচ্ছে। আমাদের ওখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রিও ছিল। তাই অনুশীলনও করা যায়নি ঠিকমতো। এখানে অনেক গরম। খেলতে বেশ বেগ পেতে হতে পারে। তবে আমরা আত্মবিশ্বাসী ভালা ফল নিয়ে দেশে ফিরতে পারবো।’









