চোটের কারণে অনেকদিন ধরে মাঠের বাইরে জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ। তাকে ছাড়াই বাংলাদেশ দল মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে। তবে ২৯ মার্চের ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে তপুর কিছু ভক্তও এসেছিলেন প্ল্যাকার্ড হাতে। যেখানে তাকে ঘিরে স্লোগান ছিল। মাঠে না থেকেও সেই দৃশ্য চোখে পড়ে এই ডিফেন্ডারের। তাই তো তাদের খুঁজে বের করে আজই নিজের জার্সি তুলে দিয়েছেন!
আগামীকাল (রবিবার) প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী লিমিটেড মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। সেই ম্যাচ খেলতে দুই দলই এখন সিলেটে অবস্থান করছে। তপুও দলের সঙ্গে সিলেট আছেন।। একফাঁকে সেই ভক্তদের হোটেলে ডেকে নিয়ে জার্সি উপহার দিয়েছেন।
তিন ভক্ত মিমিন, গাফফার ও ফারহানও প্রিয় খেলোয়াড়কে ছবি উপহার দিতে ভোলেননি।
এই প্রসঙ্গে তপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচে থাকতে পারিনি। ওই তিনজনকে দেখেছিলাম প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে খেলা দেখতে। ওদের সঙ্গে পরবর্তীতে নানাভাবে যোগাযোগ হয়। আর আজ তো নিজের জার্সি ওদেরকে উপহার দিয়েছি। আসলে মুহূর্তগুলো অনেক ভালো লাগার। তা বলে বোঝাতে পারবো না।’









