প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং। শেষ মুহূর্তের ঝলকে জিতেছে চট্টগ্রাম আবাহনীও। আর মুক্তিযোদ্ধা-সাইফের মধ্যকার ম্যাচে ৬ গোল হলেও জিততে পারেনি কেউ।
সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার মোহামেডান স্পোর্টিং ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জকে। দলের হয়ে সুলেমানে দিয়াবাতে সর্বোচ্চ দুটি গোল করেছেন। এছাড়া ফরহাদ, রিয়ারদন ও জাফর ইকবাল একটি করে লক্ষ্যভেদ করে স্কোর শিটে নাম তুলেছেন। রহমতগঞ্জের হয়ে একটি গোল শোধ দেন ফিলিপ আযহা।
১১ ম্যাচে চতুর্থ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহামেডান। ৬ হারে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে পুরান ঢাকার দলটি।
গোপালগঞ্জের শহীদ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। শেষ দিকে মুক্তিযোদ্ধার গোলরক্ষক মোহাম্মদ রাজীব ও তারিকুল ইসলাম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
লিগের প্রথম পর্ব শেষে ১১ ম্যাচে তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে সাইফ। সমান ম্যাচে প্রথম ড্রতে সাত পয়েন্ট নিয়ে দশম অবস্থানে মুক্তিযোদ্ধা।
এদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ পুলিশ এফসি। পরের তিন মিনিটে দুই গোল করে দুর্দান্ত জয় তুলে নেয় মারুফুল হকের দল।
১১ ম্যাচে ছয় জয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করলো চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে তিন হারে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পুলিশ।









