এএফসি কাপের প্লে-অফে স্বপ্নভঙ্গ হয়েছে আবাহনীর। মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে ব্যর্থতা নিয়ে দেশে ফিরলেও নতুন আশায় ঘর বাঁধছে তারা। মারিও লেমসের ছাত্ররা নতুন উদ্যমে আবারও অনুশীলনে মনোনিবেশ করেছে। লক্ষ্য এখন রবিবার থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের ফিরতি লেগ। ট্রফি জয়ের মিশনে অন্যরা খেলোয়াড় পরিবর্তন করলেও আবাহনী আগের স্কোয়াডেই আস্থা রেখেছে। দোরিয়েল্তন-কলিনদ্রেসদের নিয়েই শিরোপা লড়াইয়ে নামতে চাইছে আকাশি-নীল জার্সিধারী দল।
প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে বসুন্ধরা কিংস ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর চার পয়েন্ট পেছনে থেকে লিগ শুরু করতে হচ্ছে আবাহনীর। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী আছে ২১ পয়েন্ট নিয়ে।
ফিরতি পর্বের জন্য প্রায় সব দল বিদেশি খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন আনলেও আবাহনী ব্যতিক্রম। মৌসুমের শুরু থেকে যারা খেলে আসছে, তাদের নিয়েই মৌসুমটা শেষ করতে চাইছে। ধানমন্ডিতে নিজেদের মাঠে অনুশীলন শেষে দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের দলে সেভাবে খেলোয়াড় পরিবর্তনের সুযোগ দেখছি না। তাই করাও হয়নি। আসলে যারা আছে, তাদের নিয়েই লড়াই করতে চাই।’
এমনিতে চোটে রয়েছেন দোরিয়েল্তন, ইমন মাহমুদ ও মোহাম্মদ হৃদয়। তবে তাদের শিগগিরই একাদশে পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন ৩৫ বছর বয়সী কোচ, ‘ওদের চোট রয়েছে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আশা করছি, সামনের দিনগুলোতে তাদের পর্যায়ক্রমে পাওয়া যাবে। এ নিয়ে তেমন দুশ্চিন্তা নেই।’
অবশ্য বাকি দলগুলো খেলোয়াড় পরিবর্তন করে শক্তি বৃদ্ধি করায় লিগ আরও জমে ওঠার আভাস দিচ্ছে। লেমস তাই সাবধানী, ‘অনেক দল খেলোয়াড় পরিবর্তন করে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করেছে। সামনের ম্যাচগুলো আরও কঠিন হবে বলে মনে হচ্ছে। তবে আমরাও প্রস্তুত। সেভাবে খেলার জন্য সবাই তৈরি হচ্ছে। যে করেই হোক চার পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শীর্ষে যেতে হবে।’
এরইমধ্যে এই মৌসুমে দুটি ট্রফি জিতেছে আবাহনী লিমিটেড। স্বাধীনতা কাপের পর জিতেছে ফেডারেশন কাপও। তবে প্রিমিয়ার লিগ জেতা যে সহজ হবে না, তা মানছেন লেমস। সেজন্য লড়াই করে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তার।









