ফুটবল দুনিয়া বুঁদ করে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তাকে নিয়ে ইউরোপিয়ান ক্লাবগুলোর টানাটানি। ফরাসি তারকা এবার ফুটবলের গণ্ডিও পেরিয়ে গেলেন। রবিবার হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। জনপ্রিয়তা তার এত বেশি যে, নির্বাচনে ব্যালটে তার পক্ষে পড়েছে ১০ ভোট!
দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। নির্বাচনের প্রচারণায় তিনি গিয়েছিলেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। যে ক্লাবের জার্সিতে এখন খেলছেন এমবাপ্পে। নির্বাচনি প্রচারণায় ম্যাক্রোঁ বলেছিলেন, ‘আমাদের অবশ্যই তাকে (এমবাপ্পে) ফরাসি লিগ ওয়ানে ধরা রাখতে হবে। সে যেন পিএসজিতেই থাকে, কারণ সে দুর্দান্ত এক খেলোয়াড়।’
কে জানতো ম্যাক্রোঁর প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এমবাপ্পের নামটাও জড়িয়ে যাবে! ফান্সের ভবিষ্যৎ প্রেসিডেন্ট ‘প্রার্থী’ হিসেবে তার কয়েক ভক্ত অন্যরকম প্রচারণা চালালেন। তালেনে নামের ছোট্ট এক গ্রাম, যেখানে চার শ’র মতো বাসিন্দা। সেখানেই এমবাপ্পে ১০ ভোট পেয়েছেন বলে খবর ফরাসি সংবাদমাধ্যম লেস্ত রিপাবলিকার।
এই সংবাদমাধ্যমকে তালেনের মেয়র বলেছেন, ‘আমরা দেখলাম প্রথমে একটি বের হলো (এমবাপ্পের পক্ষে ভোট), এরপর দ্বিতীয়টি, এরপর তৃতীয়টি...। এটা দেখতে প্রায় একই রকম (ব্যালটের মতো) ছিল। নামটা কলম দিতে লেখা হয়নি, কম্পিউটারে টাইপ করে তারপর প্রিন্ট করা হয়েছে।’
মেয়র তাদের এলাকায় এমবাপ্পেকে আমন্ত্রণ জানিয়েছেন, ‘যদি কিলিয়ান এমবাপ্পে আমাদের গ্রামে আসতে চায়, তাকে স্বাগত।’
রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফলে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮.৫৫ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পেয়েছেন ৪১.৪৫ শতাংশ ভোট। প্রত্যাশার চেয়ে বেশি ভোট পেয়েছেন ম্যাক্রোঁ।









