ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আগের দিন রাতে সেখানে পৌঁছালেও শুক্রবার মাঠের কোনও অনুশীলন নেই। হালকা মেজাজে শুধু সুইমিং ও জিম করে সময় কাটানোর কথা। তবে ৮ জুন থেকে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ব্যাপারে মোটেও গাছাড়া ভাব নেই তাদের। তিন ম্যাচ থেকেই পয়েন্ট নেওয়ার লক্ষ্য।
ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রতে বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুর্দান্ত খেলেছেন। একাই প্রতিহত করেছেন বেশ কয়েকটি আক্রমণ। আসন্ন ম্যাচগুলোতেও ভালো করার প্রত্যয় বসুন্ধরা কিংস তারকার। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া ভিডিও বার্তায় জিকো বলেছেন, ‘আমাদের সামনে এশিয়ান কাপ বাছাই পর্ব আছে। সবাই এর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছি৷ সেই ম্যাচের ভালো-খারাপ নিয়ে কোচ কাজ করবে। ফলে সবাই মিলে তিন ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’
গ্রুপে বাংলাদেশ খেলবে স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। তিনটি দলই শক্তির দিক দিয়ে অনেক এগিয়ে। তারপরও তিন ম্যাচ থেকে পয়েন্ট চাইছে বাংলাদেশ। জিকোদের লক্ষ্যও ভীষণ পরিষ্কার, ‘এখান থেকে যেন পয়েন্ট নিয়ে যেতে পারি সেই চেষ্টা থাকবে। দেশের জন্য ভালো কিছু করতে চাই।’
হাভিয়ের কাবরেরা ইন্দোনেশিয়াতে ২২ ফুটবলার পেয়েছিলেন। মালয়েশিয়াতে অবশ্য বাড়তি একজন যোগ দিয়েছেন। ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল যোগ দেওয়ায় শক্তি বৃদ্ধি পেয়েছে। জিকো মনে করছেন, ‘সুফিল যোগ হওয়াতে দল পূর্ণ হয়েছে। সামনের ম্যাচে দল হয়ে খেলার চেষ্টা থাকবে।’









