ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে শিরোপা তো দূরে থাক, ট্রফির প্রতিদ্বন্দ্বিতাও করা হয় না অনেক দিন। ‘ভঙ্গুর’ মোহামেডান তবু্ আশার আলো দেখিয়ে যাচ্ছিলেন শন লেন। মন্দ ছিল না ইংল্যান্ডে জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান কোচের পারফরম্যান্স। তবে চলতি মৌসুমের মাঝপথে হঠাৎই কোচ বদল সাদা-কালো শিবিরে। নতুন কোচ করা হয়েছে অভিজ্ঞ শফিকুল ইসলাম মানিককে।
দিনকয়েক আগে দায়িত্ব ছেড়েছেন লেন। তার জায়গায় নতুন কোচ হিসেবে মানিককে দায়িত্ব দেওয়ার বিষয়টি আজ (শনিবার) নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব।
চলতি প্রিমিয়ার লিগে মেহামেডান রয়েছে ষষ্ঠ স্থানে। খারাপ নয় পারফরম্যান্স। তবে ম্যানেজমেন্টের ওপর ‘ক্ষোভ’ থেকে সরে দাঁড়িয়েছেন লেন। দল নির্বাচনে ‘বাইরের হস্তক্ষেপে’ এই অস্ট্রেলিয়ান মোহামেডান ছেড়ে গেছেন বলে জানিয়েছে একটি সূত্র।
তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মানিক। মোহামেডানের সাবেক এই তারকা ডিফেন্ডার লম্বা সময় পর ফিরলেন সাদা-কালো ক্যাম্পে। তৃতীয় মেয়াদে কোচ হয়ে তার ফেরা। সবশেষ ২০১০-১১ মৌসুমে ছিলেন মোহামেডানের দায়িত্বে। প্রায় এক যুগ পর মোহামেডানে ফিরে চলতি মৌসুমের বাকিটা সামলাতে হবে তাকে।
বাংলাদেশ জাতীয় দলের দলের হয়ে তিনি যেমন খেলেছেন, তেমনি কোচিং করানোর অভিজ্ঞতা আছে মানিকের। অভিজ্ঞ এই কোচেই আস্থা রেখেছে মোহামেডান। এবারের মৌসুমে কোচিং থেকে ‘ছুটি’তে ছিলেন মানিক। সবশেষ শেখ জামালের ডাগ আউটে দাঁড়িয়েছিলেন সাবেক এই ডিফেন্ডার।
মোহামেডান থেকে জানানো হয়েছে, আগামীকাল খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে মানিকের কাছে। তার অধীনেই শুরু হবে মৌসুমের বাকি অংশের প্রস্তুতি।









