এশিয়ান কাপ বাছাইপর্বে ৮৯তম স্থানে আছে বাহরাইন। টুর্নামেন্টে অন্যতম শক্তিধর দেশ। ‘ই’গ্রুপে তাদের বিপক্ষেই প্রথম ম্যাচে বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে। কাল বুধবার কুয়ালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সোয়া তিনটার ম্যাচটি যে বেশ কঠিন হবে- তা বলেই দেওয়া যায়।
কঠিন প্রতিপক্ষ হলেও লাল-সবুজ দল চাইছে লড়াকু একটা পারফরম্যান্স উপহার দিতে। অধিনায়ক জামাল ভূঁইয়া তো সংবাদ সম্মেলনে ‘সারপ্রাইজ’ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন!
তবে জামাল ভূঁইয়া যতই বিস্ময়ের কথা বলুক। ১৮৮তম স্থানে থাকা বাংলাদেশের জন্য মোটেও তা সহজ কাজ নয়। বিশেষ করে বাহরাইনের মতো অন্যতম ফেভারিট দলের বিপক্ষে। তবে কুয়ালালামপুরে আসার আগে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আসন্ন ম্যাচে এটাই মূলত আত্মবিশ্বাসের ‘জ্বালানী’ হিসেবে কাজ করছে।
এছাড়া গ্রুপেও বাংলাদেশ সবচেয়ে নিচের সারির দল। সব মিলিয়ে লাল-সবুজরা চাইছে তাদের নিয়ে দৃষ্টিকোণটা পরিবর্তন করতে। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া তাই বলেছেন, ‘অন্য দল মনে করতে পারে বাংলাদেশ সহজ টার্গেট। তবে আমরা কম নই। আমাদের খেলোয়াড়দের মনে কিছু লুকানো আছে। আমরা সারপ্রাইজ দিতে চাই। আমাদের জন্য বড় ম্যাচ অপেক্ষা করছে।’
এই ম্যাচের আগে নিচেদের প্রস্তুতিটা খারাপ হয়নি জামালদের। বাহরাইন ম্যাচের ভিডিও দেখে তাদের আটকানোর ছক কষা হচ্ছে। এখন পরিকল্পনা মাঠে প্রয়োগের অপেক্ষায় জামাল, ‘ভিডিও সেশন হয়েছে। কোচের নির্দেশনায় আমরা পুরোপুরি প্রস্তুত। কিছু সমস্যা আছে, সবারই তা থাকে। এ নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমি আত্মবিশ্বাসী পরিকল্পনা মতো খেলতে পারলে ভালো কিছু হবে।’









