কাতার বিশ্বকাপের আগে ইংল্যান্ডের দল গুছিয়ে নেওয়ার মঞ্চ ছিল নেশন্স লিগ। সর্বশেষ ম্যাচে হাঙ্গেরির কাছে হেরে গিয়ে সেই পরিকল্পনায় ধাক্কা লেগেছে। জার্মানির বিপক্ষেও ফলটা স্বস্তিদায়ক হলো না। শুরুতে গোল হজম করার পর তাদের উদ্ধার করেছে হ্যারি কেইনের পেনাল্টি। তাতে হার এড়িয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা।
অবশ্য নেশন্স লিগের এই ম্যাচ ঘিরে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। পরিচয় গোপন করে ইংরেজ সমর্থকরা টিকিট কিনেছেন বলে অভিযোগ উঠেছে। এমন আবহাওয়ায় ইংল্যান্ড পরীক্ষামূলক লাইনআপ নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু পুরোটা সময় সেরা দল ছিল জার্মানি। ৫০ মিনিটে ইয়োনাস হফম্যান জাল কাঁপালে ১-০ স্কোরে তাদের জয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছিল। শেষ দিকে (৮৮ মিনিট) হ্যারি কেইন পেনাল্টিতে গোল করলে ম্যাচে ফেরে ইংল্যান্ড। যা ছিল ইংলিশ তারকার ৫০তম গোল।
প্রথমার্ধে অবশ্য জার্মানি আরও একটি গোল পেয়েছিল। কিন্তু হফম্যানের গোলটিতে অফসাইডের পতাকা উঠলে বাতিল হয়ে যায় তা।
‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের আরেক ম্যাচে অবশেষে জয়ের ধারায় ফিরেছে ইতালি। শুরুর ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করা ইতালি পরীক্ষা-নিরীক্ষার পথ বেছে নিয়েছিল হাঙ্গেরির বিপক্ষে। তাতেও সমস্যা হয়নি। শুরু থেকে আধিপত্য করে গোল তুলে নেয় ৩০ মিনিটে। শুরুর গোলটি করেন নিকোলো বারেল্লা। ৪৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন লরেঞ্জো পেল্লেগ্রিনি।
৬০ মিনিটে ইতালির আত্মঘাতী গোল অবশ্য আশার সঞ্চার করেছিল প্রতিপক্ষ শিবিরে। যারা কিছুদিন আগে ইংল্যান্ডকে ৬০ বছর পর হারের তেতো স্বাদ উপহার দিয়েছে। কিন্তু ইতালি পরে আর অঘটন ঘটতে দেয়নি। ম্যাচটা ২-১ গোলে জিতেই মাঠ ছেড়েছে।
এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আজ্জুরিরা। হাঙ্গেরি অবস্থান করছে তিনে। তাদের অর্জন ৩ পয়েন্ট। ড্র করা জার্মানি ২ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। ১ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড রয়েছে সবার নিচে।









