দিনকয়েক আগেই জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। রিয়াল মাদ্রিদের জার্সিতে পঞ্চম ইউরোপসেরার মুকুট তার। সাফল্যে মোড়ানো রিয়াল মাদ্রিদ অধ্যায়টা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লুকা মদরিচ। মাদ্রিদের ক্লাবটিতে আরও এক বছর থাকছেন ক্রোয়েট মিডফিল্ডার।
আজ (বুধবার) মদরিচের সঙ্গে এক বছরের চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। চলতি মাসেই শেষ হতো তার চুক্তির মেয়াদ। তবে তার আগেই সান্তিয়াগো বার্নাব্যুতে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে নিলেন মদরিচ। ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী ২০১২ সালে টটেনহাম থেকে যোগ দিয়েছিলেন মাদ্রিদে। এরপর থেকে হয়ে উঠেছেন দলটির অবিচ্ছেদ্য অংশ।
রিয়ালের সাফল্যযাত্রায় সবসময় অগ্রভূমিকায় মদরিচ। এবারের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়েও আছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। দিনকয়েক আগে স্তাদে ডু ফ্রান্সে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রিয়াল জিতেছে ১৪তম চ্যাম্পিয়নস লিগ। যেটি আবার মদরিচের পঞ্চম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। নতুন চুক্তি করায় সংখ্যাটা বাড়তেই পারে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্টের!
২০১২ সালে টটেনহাম থেকে আসার পর রিয়ালের জার্সিতে ৪৬২ ম্যাচ খেলেছেন মদরিচ। জিতেছেন ১৯টি শিরোপা। তাকে ধরে রাখতে পারাটা রিয়ালের জন্য বড় খবর। ২০২২-২৩ মৌসুমের দল গঠনে কার্লো আনচেলত্তির জন্য বড় ধাপও বলা যায়। ইতিমধ্যে ইউরোপ চ্যাম্পিয়নরা দলে টেনেছে আন্তোনিও রুডিগার ও অরিলিয়েন চুয়ামেনিকে। আর এখন চুক্তি নবায়ন করলো মদরিচের সঙ্গে।









