শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। সিলেটে বন্যা পরিস্থিতির কারণে সেখানে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজিত হচ্ছে না।
ভেন্যু পরিবর্তন করে ঢাকার শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে বাংলাদেশ-মালয়েশিয়ার দুটি ফিফা প্রীতি ম্যাচ। আজ (শুক্রবার) বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে হবে দুটি ম্যাচ। সিলেটে বন্যার কারণে মাঠ প্রস্তুত করা সম্ভব নয়। তাই ঢাকায় সাবিনাদের খেলতে হচ্ছে।
এর আগে আজ সকালে বাফুফে নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘সিলেটে বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আজ (শুক্রবার) বা কাল (শনিবার) সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
অপেক্ষা করলেও সিলেটে ম্যাচ আয়োজনের সম্ভাবনা দেখছিলেন না কিরণ, ‘তবে অবস্থা যা মনে হচ্ছে তাতে করে সিলেটে ম্যাচ আয়োজন আপাতত সম্ভব নয়। আমরা বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামে খেলা আয়োজন করবো।’









