ফিফা র্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়ার মেয়েরা। শক্তির তারতম্যে তাই বাংলাদেশের মেয়েদের পিছিয়ে থাকার কথা। কিন্তু নিজেদের সব দিক দিয়ে পিছিয়ে থাকা দল ভাবছে না স্বাগতিকরা। বৃহস্পতিবার ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে লড়াই করতে চাইছে লাল-সবুজ দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তেমনটি জানিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
নারী ফুটবলে মুখোমুখি বাংলাদেশ-মালয়েশিয়া। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে লাল-সবুজ দল। যদিও সারা বছরই মেয়েরা অনুশীলনের মধ্যে থাকে। সাবিনা-কৃষ্ণাদের ফিটনেস নিয়ে তাই কোনও প্রশ্ন নেই। এছাড়া তিনজন ছাড়া বাকি সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ছোটনের তাই আশাবাদী কণ্ঠ, ‘অবশ্যই আমাদের শক্তির জায়গা হলো আমরা কঠোর পরিশ্রম করছি, মেয়েরা বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলে আসছে। যেহেতু দেশের মাটিতে খেলা। আমরা ফিটনেসের দিক দিয়ে এগিয়ে আছি। ওরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও প্রতিযোগিতামূলক ম্যাচ উপহার দেবো।’
গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা ভালো করতে পারেনি। ইরান ও বাহরাইনের কাছে হারতে হয়েছিল। এবার প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে কি লক্ষ্যভেদ হবে? ছোটন বলেছেন, ‘তহুরার ৪০-এর ওপরে গোল আছে; কৃষ্ণা-সানজিদা-স্বপ্না-মারিয়াদেরও গোল আছে (বয়সভিত্তিক দলের হয়ে)। এরা খেলার মধ্যে আছে। গত কয়েক বছর অনেক ম্যাচ খেলেছি। সম্মিলিত চেষ্টায় আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো।’
প্রতিপক্ষ নিয়ে আগেই হোমওয়ার্ক করে রেখেছেন কোচ। এ নিয়ে টানা কয়েকদিন অনুশীলনও হয়েছে। বাংলাদেশ কোচের প্রত্যাশা, ‘তাদের প্রতিটা প্লেয়ার, খেলার স্টাইল, ফর্মেশন নিয়ে কাজ করেছি। ওদের খেলোয়াড়রা বয়সে বড়। আমাদের প্ল্যান কিন্তু দুইটা ম্যাচ নিয়েই। যেহেতু কমলাপুরে অনুশীলন করেছি। সেহেতু আমাদের জন্য ভালো হবে। মেয়েরা কঠোর অনুশীলনে ছিল। এখন যে অবস্থায় আছে পয়েন্ট পাওয়ার আশা করাই যায়।’
বাংলাদেশে আসার আগে মালয়েশিয়া মাত্র এক সপ্তাহ অনুশীলন করেছে। জুলাইতে ফিলিপাইনে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে দলটি। ঢাকায় এসেছে নিজেদের ঝালিয়ে নিতে। দলের কোচ জ্যাকব যোশেফ বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা আসলে জুলাইয়ের টুর্নামেন্টকে সামনে রেখে। ঢাকার প্রীতি ম্যাচ দুটি আমাদের বেশ সহায়তা করবে। এর মাধ্যমে দলের দুর্বল দিকও দেখা যাবে।’
দুই দলের র্যাঙ্কিংয়ে ব্যবধান থাকলেও বাংলাদেশকে সমীহ করছেন যোশেফ, ‘র্যাংঙ্কিং আসলে সবসময় সব কথা বলে না। মালয়েশিয়ার নারী দলের শুরুটা ১৯৬০ সালে। আর বাংলাদেশ শুরু করেছে বেশি দিন হয়নি। তারা বেশ উন্নতি করছে। তারা ভারতকে সম্প্রতি হারিয়েছে। শক্তিশালী দল। ম্যাচ দুটি আমাদের জন্য কঠিন হবে।’









