ঢাকায় বসে এবার বড় দুঃসংবাদ শুনতে হয়েছে আবাহনীর বিশ্বকাপ তারকা দানিয়েল কলিনদ্রেসকে। গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন তার মা মারিয়া তেরেসা সোলেরা আলপিজার।
৩৭ বছর বয়সী ফুটবলারের মা বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। মাকে দেখতে দুবার কোস্টারিকা থেকে ঘুরেও এসেছিলেন। কিন্তু মায়ের সঙ্গে শেষ দেখাটা হচ্ছে না তার। প্রিমিয়ার লিগে ব্যস্ত সূচির কারণে আপাতত ক্লাবেই থাকছেন। ছুটিতে ঈদের আগে জুলাইয়ের শুরুতে কোস্টারিকা যাওয়ার কথা রয়েছে তার।
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কলিনদ্রেস মাকে হারিয়েছেন বৃহস্পতিবার রাতে। ও এখনই দেশে ফিরে যেতে পারছে না। সামনে ঈদের ছুটি আছে। তখন যেতে পারে।’









