সুয়ারেজের ৪ গোল আর মেসির হ্যাটট্রিকে কোপা দেল রের সেমি ফাইনালে ভ্যালেন্সিয়াকে প্রথম লেগে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এরফলে ফাইনালে এক পা দিয়ে রাখলো লুইস এনরিকের শিষ্যরা।
বুধবার রাতে অনুষ্ঠিত খেলায় লুইস সুয়ারেজ একাই করেন চার গোল। আর হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।
ঘরের মাঠে অনুষ্ঠিত খেলায় শুরু থেকেই গোল উৎসব করতে থাকে কাতালানরা। যার শুরুটা করেন লুইস সুয়ারেজ। খেলার ৭ মিনিটে মাঝ মাঠে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে ব্রাজিল অধিনায়ক অনেকটা দৌড়ে ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়া সুয়ারেজকে পাস দেন। আর দারুণ কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ডি বক্সের বাইরে থেকে সার্জিও বুসকেটস বল বাড়ান ভিদালকে। গোললাইনের কাছ থেকে তার ব্যাকপাস পেয়ে ১০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
এরপর আরও চেপে বসে বার্সেলোনা। সেই সুযোগে গোল করেন লিওনেল মেসি। ইনিয়েস্তার বাড়ানো বলে ডি বক্সের মাথায় আর্জেন্টিনা অধিনায়ককে লক্ষ্য করে ফ্লিক করেন নেইমার। নিখুঁত শটে জালে বল পাঠান মেসি।
গোল হজমের সঙ্গে সঙ্গে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। মুস্তাফি বার্সা তারকা মেসিকে ফেলে দিলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। একইসঙ্গে দেন পেনাল্টি। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি নেইমার।
মেসি ৫৮ মিনিটে করেন ব্যক্তিগত দ্বিতীয় গোল। এরপর ৭৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন লিওনেল মেসি।
৫-০ গোলে এগিয়ে একই ধারায় খেলতে থাকে বার্সেলোনা। তারই প্রেক্ষিতে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করেন সুয়ারেজ। ৮৩ মিনিটে আদ্রিয়ানোর ক্রসে তৃতীয় ও ৮৮ মিনিটে তুরানের পাস থেকে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন সুয়ারেজ।
/এফআইআর/








