পেপ গার্দিওলাকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্রিটিশ মিডিয়ায় গুজব রটেছিল মেসিসহ সাবেক প্রিয় শিষ্যদের ম্যানসিটিতে ভেড়াবেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে উল্টো কথা। ম্যানসিটির সঙ্গে চুক্তির আগেই গার্দিওলা জানিয়ে দিয়েছেন বার্সা তারকাদের পেছনে ছুটবেন না তিনি।
লিওনেল মেসির দিকে হাত বাড়াবেন না তিনি। বার্সেলোনা থেকে দলে টানতে চাইবে না নেইমারকে। এমনকি কাতালানদের আরেক প্রাণ লুই সুয়ারেজকেও সই করানোর কথা ভাববেন না।
গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে আসার পর গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজারে বেশ সাড়া পড়বে, এটাই স্বাভাবিক। অঢেল খরচ করে নতুন একটি দল গড়ে নেওয়ার স্বাধীনতা দেওয়া গবে গার্দিওলাকে। তবে বার্সার সংসার ভাঙবেন না গার্দিওলা। তবে বার্সেলোনা বিক্রি করতে চাইলে সেই খেলোয়াড়ের দিকে চোখ রাখবে ম্যানসিটি।
গোল ডট কমের খবর ম্যানসিটির স্পোর্টিং ডিরেক্টর টিজিকি বেগরিস্টাইনের সঙ্গে দল গড়া নিয়ে ধারাবাহিক আলোচনা করছেন গার্দিওলা। আপাতত ডিফেন্সে জোর দিতে চান গার্দিওলা। দুজন ফুল ব্যাক, দুজন সেন্টার ব্যাক, এক বা দুজন সেন্ট্রাল মিডফিল্ডার ও একজন ফরোয়ার্ডকে সই করাতে চান তিনি। কুন আগুয়েরোর সঙ্গে আক্রমণভাগে আরেকজন যোগ্য সঙ্গীও খুঁজছেন গার্দিওলা। কিন্তু তার দেওয়া তালিকায় বার্সেলোনার কোনও খেলোয়াড়ের নাম নেই।
সূত্রের খবর ২৫০ মিলিয়ন ইউরো নিয়ে দলবদলের মাঠে নামছে ম্যানসিটি। তবে স্বস্তিতে থাকতে পারে কাতালানরা।
/এমআর/








