হোয়ান লাপোর্তার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা কারো অজানা নয়। আর্জেন্টাইন কিংবদন্তির মূল দলে অভিষেক হয়েছিল লাপোর্তার পুরনো আমলেই। তাই নতুন মেয়াদে বার্সার সভাপতি হওয়ার আগে মেসিকে রেখে দিতে আশার বাণী শুনিয়েছিলেন। আবারও তার কথাতে আশায় বুক বাঁধতে পারেন বার্সা ভক্তরা। লাপোর্তা ইএসপিএনকে বলেছেন, ‘লিওনেল মেসির বার্সা-অধ্যায় শেষ হয়ে যায়নি।’
না চাইতেও বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে হয়েছে লিওনেল মেসির। আর্থিক দুর্দশায় কাতালান জায়ান্টরা বার্সা কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি। ফলে আর্জেন্টাইন তারকাকে ফরাসি জায়ান্ট পিএসজিতেই নতুন ঠিকানা বেছে নিতে হয়েছে। সেখানে তার এক বছর মেয়াদ বাকি থাকতেই বার্সার সভাপতি লাপোর্তা বলেছেন, ‘বার্সার জন্য মেসি সব কিছু। ক্লাবটির ইতিহাসে কিংবদন্তিও। আমার কাছে সে শুধু ক্রুইফের সঙ্গে তুলনাযোগ্য। কিন্তু যা হয়েছে সেটা একদিন হতোই। পূর্বের সমস্যায় তৈরি সিদ্ধান্তের কারণে এমনটা হয়েছে।’
তার পরেই আশার বাণী শুনিয়েছেন লাপোর্তা, ‘আশা করবো মেসির অধ্যায় এখানেই শেষ হয়ে যাচ্ছে না। আমার মনে হয় ওই অধ্যায়ের সুন্দর সমাপ্তির চেষ্টা করা আমাদের দায়িত্ব। যার পথটা এখনও খোলা আছে এবং শেষ হয়ে যায়নি। তাই বিষয়টা এমন দাঁড়াচ্ছে যেটা হওয়া উচিত… আরও সুন্দর সমাপ্তি।’
লাপোর্তা এর আগেও মেসিকে বার্সায় ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। যে ক্লাবটায় মেসি ৬ বার জিতেছেন ব্যালন ডি’অর। তাছাড়া ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতার (৬৭২) পাশাপাশি দখলে রয়েছে সর্বোচ্চ ম্যাচ (৭৭৮) খেলার রেকর্ডও। তিনি আরও যোগ করে বলেছেন, ‘বার্সার সভাপতি হিসেবে আমার যা করার ছিল করেছি। কিন্তু সভাপতি হওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও মনে করি, আমি তার কাছে ঋণী।’









