খেলা দেখতে দেখতে হঠাৎ মাঠে ঢুকে পড়লেন দর্শক। কখনো কখনো বিবসনা নারীরও দেখা মেলে এসব কর্মকাণ্ডে। ফুটবল লিগগুলোতে এমন দৃশ্যের দেখা মেলে প্রায়ই। কিন্তু নতুন এক সিদ্ধান্তে এসব কর্মকাণ্ডকে প্রিমিয়ার লিগ ও ইংলিশ লিগগুলোতে নিষিদ্ধ করা হয়েছে।
শুধু দর্শক অনুপ্রবেশই নয়, তাদের বাধভাঙা উচ্ছ্বাসের নানা উপকরণেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মাঠে এখন কেউ স্মোক বোম বা আতসবাজিও আর ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ মাঠে আগুন নিয়ে খেলার সব আয়োজনই বন্ধ বলা চলে।
গত মৌসুমে এসব কর্মকাণ্ড অতি মাত্রায় হতে দেখা গেছে। যে কারণে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। উদাহরণ হিসেবে ক্রিস্টাল প্যালেস কোচ প্যাট্রিক ভিয়েরার কথা বলা যেতে পারে। মাঠে দর্শকের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। আবার প্লে-অফে নটিংহাম ফরেস্টের কাছে হারের পর দর্শকের আক্রমণের শিকার হন শেফিল্ড ইউনাইটেডের বিলি শার্পও।
তাই সব মিলিয়ে লিগ কর্তৃপক্ষ ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নতুন মৌসুমে এসবকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য করেছে। তারা বিবৃতিতে বলেছে, ‘চিহিৃত অপরাধীদের ক্লাব কর্তৃক পুলিশকে অবহিত করতে হবে। এসব ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার ফলে কারো নাম স্থায়ীভাবে ক্রিমিন্যাল রেকর্ডেও উঠে যেতে পারে। যার ফলে কারাদণ্ডের শাস্তি ভোগ করার পাশাপাশি কারো কর্মজীবন, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে মাঠে অনুপ্রবেশ, স্মোক বোম বা আতশবাজি নিয়ে ঢুকলেই স্বয়ংক্রিয়ভাবে ক্লাব নিষেধাজ্ঞার আওতায় পড়বেন যে কেউ।









