আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ কম্বোডিয়া ও নেপাল। ম্যাচ দুটি সামনে রেখে দল ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ২৭ সদস্যের প্রাথমিক দলে একমাত্র নতুন মুখ শাহরিয়ার ইমন। তরুণ এই উইঙ্গার ছাড়া বাকি সবারই জাতীয় দলে আগে ডাক পাওয়ার অভিজ্ঞতা রয়েছে।
আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করা হয়েছে। যে দল দিয়ে ফিরেছেন সোহেল রানা। পাসপোর্ট না থাকায় এশিয়ান কাপের মূল দলে ছিলেন না এই মিডফিল্ডার। তবে জটিলতা কাটিয়ে এই দুই ম্যাচের প্রাথমিক দলে আছেন তিনি।
প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে এসেই জাতীয় দলে জায়গা করে নিলেন ইমন। সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করছেন। পাশাপাশি মোহামেডানের জার্সিতে খেলছেন ঘরোয়া ফুটবলে। এবার লিগে করেছেন ২ গোল। যার মধ্যে আবাহনীর বিপক্ষে দুর্দান্ত একটি গোলও আছে তার। এবার জাতীয় দলের জার্সিতে খেলার অপেক্ষায় তরুণ উইঙ্গার।
ইমন প্রথমবার ডাক পেলেও কাবরেরার দলে জায়গা হয়নি গোলকিপার শহিদুল আলম সোহেল ও ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের। এছাড়া এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন মেরাজ হাসান অপি, পাপন সিং, জাফর ইকবাল ও মাহাবুবুর রহমান সুফিল।
আগামীকাল (শুক্রবার) সন্ধ্যায় ম্যানেজার ইকবাল হোসেনের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। আর প্রথমবারের মতো উত্তরা পুলিশ মাঠে হবে জামাল ভূঁইয়াদের অনুশীলন।
বাংলাদেশ দল:
গোলকিপার: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাইম, আশরাফুল ইসলাম রানা ও মাহফুজ হাসান প্রীতম।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন ও ইশা ফয়সাল।
মিডফিল্ডার: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিপলু আহমেদ।
ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।








