ক্রিস্তিয়ানো রোনালাদো থাকতে চান না ম্যানচেস্টার ইউনাইটেডে- গুঞ্জনটা ওড়াওড়ি করছে অনেক দিন হলো। প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল এবারের চ্যাম্পিয়নস লিগে নেই, এই কারণেই তার দল ছাড়তে চাওয়া। কিন্তু রেড ডেভিলরা পর্তুগিজ যুবরাজকে ধরে রাখতে চায়। ওদিকে আবার তাকে প্রথম একাদশেও রাখছেন না নতুন কোচ এরিক টেন হাগ। তাহলে? ডাচ কোচ পরিষ্কার করে দিলেন, রোনালদো থাকছেন ওল্ড ট্র্যাফোর্ডে।
প্রাক-মৌসুম প্রস্তুতি থেকে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে- রোনালদো কি থাকবেন ম্যান ইউয়ে? শুরুর দিকে তার অনুশীলনে যোগ না দেওয়ার একরকম ধরেই নেওয়া হয়েছিল সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্লাব পাল্টাচ্ছেন। তবে পরবর্তীতে তিনি অনুশীলনে যোগ দেন। টেন হাগ আসার আগে থেকেই বলে আসছেন, তার পরিকল্পনায় খুব ভালোভাবেই আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু মাঠের ফুটবলে সেটি দেখা যাচ্ছে সামান্যই। তাছাড়া রোনালদোর চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছার বিষয় তো আছেই।
তাহলে কি রোনালদো থাকছেন না? ডাচ কোচ পরিষ্কার এ ব্যাপারে। তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার (রোনালদো থাকবেন)। আমাদের সেরা খেলোয়াড় দরকার। সব ম্যাচ ঠিকঠাকভাবে শেষ করতে আপনার আরও ভালো কিছু দরকার।’
কিন্তু রোনালদোকে তো তিনি একাদশেই রাখছেন না! প্রিমিয়ার লিগের সবশেষ দুই ম্যাচে বেঞ্চে জায়গা হয়েছে সিআরসেভেনের। অবশ্য পর্তুগিজ যুবরাজকে ছাড়াই ভালো চলছে ম্যান ইউ-গাড়ি। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের পর সাউদাম্পটনের বিপক্ষেও গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রোনালদোকে শুরুতে বেঞ্চে রেখে।
এখন টেন হাগ জানালেন, রোনালদো ওল্ড ট্র্যাফোর্ডে থাকছেন। তার কথা যদি সত্যি হয়, তাহলে ২০ বছরের মধ্যে প্রথমবার তিনি চ্যাম্পিয়নস লিগের বাইরে থাকবেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়া ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা, একটু হলেও তো রঙ হারাবে!









