অবশেষে প্রতিপক্ষের মাঠে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে লুকা মদ্রিচের শেষ দিকের গোলে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা গ্রানাদাকে ২-১ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের দল। রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এটি জিদানের প্রথম অ্যাওয়ে ম্যাচ জয়।
গত ২৯ নভেম্বর এইবারের মাঠে ২-০ গোলে জেতার পর প্রতিপক্ষের মাঠে এই প্রথম জিতল রিয়াল। মাঝে অন্যের মাঠে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হারে তারা।
এদিন খেলার ৩০ মিনিটে প্রথম গোলটি করেন বেনজেমা। দানি কারবাহালের আড়াআড়ি পাস থেকে সহজেই গোল করেন ফরাসি স্ট্রাইকার। লা লিগায় এটি তার ১৯তম গোল।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে থাকা গ্রানাদা। খেলার ৬০ মিনিট সমতায় ফিরে তারা। সমতাসূচক গোলটি করে ফরাসি ফরোয়ার্ড ইয়োসেফ এল আরাবি।
শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠা রিয়াল ৮৫তম মিনিটে আবারও এগিয়ে যায়। বদলি নামা অস্ট্রিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচের ছোট পাস পেয়ে দুই পা এগিয়ে ডি বক্সের বাইরে থেকে আচমকা জোরালো শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ। এবারের লা লিগায় মদ্রিচের এটা প্রথম গোল। শেষ পর্যন্ত তার এই গোলেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্পেনের সফলতম ক্লাবটি।
এই জয়ে ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৫০। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪। একটি ম্যাচ কমও খেলেছেন মেসি-নেইমাররা।
/এমআর/








