চোট পেয়ে আগেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার সোহেল রানা। এবার চোটের মিছিলে যোগ দিলেন ডিফেন্ডার রায়হান হাসানও। হাঁটুর চোটে ছিটকে গেছেন তিনি।
রায়হান গত মঙ্গলবার হাঁটুতে চোট পেয়েছেন। অবস্থা ভালো না হওয়ায় আজ (বৃহস্পতিবার) ক্যাম্পও ছেড়ে যেতে হয়েছে শেখ জামালের এই ফুটবলারকে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনুশীলনে সে চোট পেয়েছে। হাঁটুতে ব্যথা পাওয়ায় ডাক্তার তাকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছে। তাই আমরা তাকে বিশ্রাম দিয়েছি।’
রায়হানের পরিবর্তে ক্যাম্পে নতুন কাউকে ডাকছে না টিম ম্যানেজমেন্ট। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে। এই ম্যাচ দুটি সামনে রেখে গত ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে মাঠের অনুশীলন।









