সাফ নারী চ্যাম্পিয়নশিপে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। অনায়াস জয়ের পর ফুটবলাঙ্গনে আনন্দের আমেজ। এই ফল বাংলাদেশের ছেলেদের ফুটবলে চাপ বাড়িয়ে দিয়েছে।
আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুটি ম্যাচে সাফল্য পেতে এক ধরনের চাপ অনুভব করছেন লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
মেয়েদের সাফে ভারতকে হারিয়ে ছেলেদের চাপে ফেলেছেন স্বপ্না-কৃষ্ণারা। আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে চাপের বিষয়টি আড়াল করেননি জামাল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে এসে স্বীকার করে নিয়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘ভারতের বিপক্ষে মেয়েরা দুর্দান্ত ফুটবল খেলেছে। তাদের এ জয়ে আমাদের ঘিরেও প্রত্যাশা তৈরি হয়েছে। যা আমাদের ওপর চাপ বাড়তি চাপ সৃষ্টি করছে। তবে নিজেদের সেরাটা দিয়ে আমরাও জয়ের বিষয়ে আশাবাদী।’
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দ্বৈরথ প্রসঙ্গে জামাল বলেছেন, ‘শুধু এ দুটি নয়, আমার কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ম্যাচ দুটি জিতলে আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হবে।’
বাংলাদেশের জন্য এখনও সেটপিস বড় সমস্যা। শেষ মূহূর্তে গোল হজম করার বিষয়টিও আছে। তবে জামাল সমাধানের পথ খুঁজছেন, ‘সেটপিস থেকে গোল খাওয়ার সমস্যা সমাধান করতে হবে আমাদের। এ নিয়ে আমরা ক্যাম্পে কাজ করেছি। গত চার বছরে আমরা এমন হার্ড ওয়ার্ক করিনি। রাফ অ্যান্ড টাফ অনুশীলন হয়েছে। আশা করছি, সমস্যা সমাধানের পাশাপাশি সেটপিস থেকে গোলও করতে পারবো।’









