মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ অজেয় এক স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে নামবে সাবিনা-সানজিদারা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার বিকাল সোয়া ৫টায় বাংলাদেশ নেপালের বিপক্ষে হবে ফাইনাল খেলতে নামছে।
এবারের আসরে বাংলাদেশ দল যেভাবে বিশ্বাসের রেণু ছড়িয়েছে। তাতে শিরোপা প্রত্যাশা করছে গোটা দেশই। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তো সাবিনাদের শুভকামনা জানিয়ে কিছু পরামর্শ দিয়েছেন।
অবশ্য তার সেই ফেসবুক পোস্টের আগে বাংলাদেশ দলের উইংগার সানজিদা ইসলামের একটি পোস্ট ভাইরাল হয়েছে ফেসবুকে। লম্বা পোস্টের একটি প্যারাতে আবেগঘন বার্তা দিয়েছেন এই উইংগার। এই ফুটবলার লিখেছেন, ‘যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্নসারথীদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থণের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’
সানজিদার এই বার্তা সবার হৃদয়কে ছুঁয়ে গেছে। সর্বশ্রেণির ফুটবলপ্রেমী এখন অপেক্ষার প্রহর গুনছেন। ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক মাশরাফিও। সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে নারী দলকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘বাবাকে হারিয়ে, মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করছো। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। অভিনন্দন তোমাদের যা কিছু করেছো তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।’









