৯০ মিনিট আধিপত্য করে খেললো বাংলাদেশ। শুধু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পেলো না! বিপরীতে গোলের সুযোগ কমই পেয়েছে নেপাল। শেষের দিকে দারুণ এক আক্রমণ থেকে সুন্দর ফিনিশে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। ফলে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে গেলো নেপাল।
আজ (শনিবার) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ শুরু থেকে আক্রমণ হেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। একের পর এক গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি।
ম্যাচ ঘড়ির ১১ মিনিটে বাংলাদেশ গোলের সুযোগ পায়। নুসরাত জাহান মিতু বক্সে বল পেয়ে শট নেওয়ার আগেই ক্লিয়ার হয়।
৫ মিনিট পর জয়নব বিবির বক্সের বাইরে দিয়ে নেওয়া জোরালো শট গোলকিপার প্রতিহত করেন। ফিরতি বলে উমেলহার শট সাইড নেটে।
২৪ মিনিটে জয়নব বিবির ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে।
বিরতির তিন মিনিট আগে জয়নব বিবির ক্রসে উমেলহা মারমা বক্সে বল পেয়ে লক্ষ্যে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। বদলি নামা সুরভি আকন্দ প্রীতি ও লিভা আক্তার কয়েকবার রাইট উইং ধরে আক্রমণ শাণালেও তা আলোর মুখ দেখেনি গোলকিপার সতর্ক থাকায়।
ধারার বিপরীতে নেপাল গোল পেয়ে যায়। ৮৬ মিনিটে সিমরন রায়ের দারুণ এক ফ্রি-কিক থেকে বক্সের ভেতরে বল পেয়ে বর্ষা অলি আগুয়ান গোলকিপার সংগীতা দাসের পাশ দিয়ে জাল খুঁজে নেন। শেষের দিকে চেষ্টা করেও স্বাগতিকরা সমতায় ফিরতে পারেনি।
রাউন্ড রবিন লিগ পর্বে নেপাল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। বাংলাদেশের সমান ম্যাচে সংগ্রহ ৩ পয়েন্ট। ৭ নভেম্বর ভুটানের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।









