ন্যু ক্যাম্প থেকে আগেই বিদায় নিয়েছেন। লা লিগায় ওসাসুনার মাঠে গতকাল ছিল জেরার্দ পিকের শেষ ম্যাচ। বেঞ্চ থেকেই মাঠে নামার কথা। কিন্তু রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় মাঠে নামার সুযোগ পাননি। সরাসরি লাল কার্ড দেখায় বার্সার ১৪ বছরের ক্যারিয়ারের শেষটা হলো অনাকাঙ্ক্ষিত ঘটনায়।
শুধু পিকে নন, লাল কার্ড দেখেছেন প্রাণভোমরা রবের্ত লেভানদোভস্কিও। রেফারি জেসুস গিল মানজানোর সিদ্ধান্ত গ্রহণ করতে না পেরে হলুদ কার্ড দেখতে হয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজকেও। তার পরেও নানা অঘটনের ম্যাচে ১০ জনের দল নিয়ে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
শুরুতে ১১ মিনিটে নাচো ভিদালকে টেনে ধরায় প্রথম হলুদ কার্ড দেখেন পোলিশ স্ট্রাইকার। ৩০ মিনিটে বাজে ফাউলে দ্বিতীয় হলুদ কার্ডের পরই তাকে মাঠ ছাড়তে হয়েছে।
বার্সা ও পিকের ক্ষিপ্ত হওয়ার কারণ ছিল ওসাসুনার প্রথম গোল। মার্কোস আলোনসোর ওপর ফাউল হওয়ায় তারা গোল বাতিলের আবেদন করেছিল। কিন্তু রেফারি তাতে সাড়া দেননি।
ম্যাচের পর অবশ্য মনাজানো রিপোর্টে বলেছেন, প্রথম গোল নিয়েই পিকে তার সঙ্গে তর্কে জড়িয়েছেন। তার পর বাজে ভাষায় আক্রমণ করেছেন। যা লাল কার্ড দেখানোর পরেও অব্যাহত ছিল।
৬ মিনিটে প্রথম গোল হজমের পর বার্সার হয়ে ৪৮ ও ৮৫ মিনিটে দুই গোল করেন পেদ্রি ও রাফিনহা। ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ জাভি পরে বলেছেন, ‘দলের জন্য গর্ব হচ্ছে। তবে সব কিছু আমাদের বিপক্ষে গেছে। রেফারিং, গোল আর দশ জনে পরিণত হওয়া... তবে সুযোগগুলো আমরা কাজে লাগাতে পেরেছি।’









