পর্তুগালের অনুশীলনে ক্রিস্তিয়ানো রোনালদো ও সতীর্থ ব্রুনো ফার্নান্দেসের একটি ভিডিও নিয়ে ছড়িয়েছিল গুঞ্জন। সেটা দেখে অনেকের কাছেই মনে হতে থাকে দুই সতীর্থের সম্পর্কটা বোধহয় ভালো নয়। ব্রুনো অবশ্য গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। বলেছেন, রোনালদোর সঙ্গে তার কোনও ঝামেলা নেই।
ঘটনাটি ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে রোনালদোর বিস্ফোরক ইন্টারভিউর পর। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফার্নান্দেস যেভাবে রোনালদোর সঙ্গে ভাব বিনিময় করছেন। সেটা অনেকটা শীতল সম্পর্কের পরিচায়ক। যদিও ফার্নান্দেসের দাবি, ওই ভিডিওটা আসলে বিভ্রান্তিকর।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে রোনালদোকে ছাড়াই খেলতে নেমেছিল পর্তুগাল। পেটের পীড়ায় বড় তারকার অনুপস্থিতি কোনও প্রভাব ফেলতে পারেনি। নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। তাতে জোড়া গোল ছিল রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ব্রুনো ফার্নান্দেসেরও। গুঞ্জন নিয়ে ম্যাচের পর তিনি বলেছেন, ‘রোনালদোর সঙ্গে আমার কোনও ঝামেলা নেই। আমি আমার কাজ করি। শুধু নিজেকে নিয়ন্ত্রণ আর সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
এই ঘটনার আগে এক টিভি ইন্টারভিউতে বোমা ফাটিয়ে রোনালদো বলেছেন, ইংলিশ ক্লাবটির কোচ টেন হাগসহ অনেকেই নাকি তাকে ক্লাবে দেখতে চান না। এমনকি কোচের জন্য তার বিন্দুমাত্র শ্রদ্ধাও নেই। একই ঘটনার পর টেনহাগ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, রোনালদোর সঙ্গে এর পর আর কাজ করা যাবে না। ওই ইন্টারভিউ নিয়ে ব্রুনোর প্রতিক্রিয়া, ‘আমিসেই ইন্টারভিউ দেখিনি। আমার তাতে সমস্যাও নেই। তবে এটা মাথায় রাখতে হবে আমরা এখন জাতীয় দল নিয়ে ভাবছি। তাই মনোযোগটা বিশ্বকাপেই।’









