সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরু করলো বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ম্যাচের শুরু থেকেই সার্বিয়ার অনবদ্য রক্ষণ। বারবার আটকে যাচ্ছেন নেইমাররা। ক্যাসেমিরোর দূরপাল্লার শট হোক কিংবা রাফিনহার চেষ্টা—হাফ টাইম অবধি সবই ব্যর্থ। গোলের মরিয়া চেষ্টায় নেইমাররা। খেলাও তৈরি হচ্ছে। কিন্তু স্কোর লাইনে তার ছাপ পড়েনি। ব্রাজিল গ্যালারির আর্তি ‘গোল করুন নেইমাররা’।
ম্যাচের তৃতীয় মিনিটে নিজেদের প্রান্ত থেকে গুছিয়ে আক্রমণ করে ব্রাজিল। ডান প্রান্ত থেকে বল নিয়ে সার্বিয়ার ডি বক্সে ঢুকে যান রাফিনহা। সেখান থেকে বাড়ানো বল সার্বিয়ার ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হয়। ম্যাচের দশম মিনিটে ডি বক্সে বল পান নেইমার। কিন্তু গোলমুখে শট করতে পারেননি তিনি।
ম্যাচের ১২ মিনিটে বাম প্রান্ত ধরে সার্বিয়ার ডি বক্সে ঢুকে যায় ভিনিসিয়ুস জুনিয়র। সেখান থেকে কর্নার পায় ব্রাজিল। তবে কর্নার থেকে গোল পেতে ব্যর্থ হয় ব্রাজিল। ম্যাচের ২০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে সার্বিয়ার গোলমুখে জোরালো শট করেন নেইমার। তবে তা সার্বিয়ার ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ম্যাচের ২৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় সার্বিয়া। ডান দিক থেকে ভেসে আসা বল সহজেই গ্লাভস বন্দি করেম অ্যালিসন বেকার।
৩৫ মিনিটে অনবদ্য একটা গোলের মুভ। বক্সের মধ্যে বল পেয়েছিলেন রাফিনহা। শুধু গোলকিপারকে পরাস্ত করতে হতো। যদিও তার শটে জোর ছিল না। সহজেই বল ধরে নিলেন সার্বিয়া গোলরক্ষক।
গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় উভয় দল।









