স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর রিয়াল মাদ্রিদ হয়ে জুভেন্টাস। আবারX ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা। ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্ব ফুটবলের লাইম লাইটে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত দুমাসে নানা ঘটনার পর তিনি যোগ দিয়েছেন অখ্যাত সৌদি লিগে।
রিয়াদের আল নাসর ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ও পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী রোনালদোকে বরণ করতে আয়োজনের কমতি রাখেনি না আল নাসর। রাজকীয়ভাবে রাজাকে বরণ করে নিয়েছে তারা।
কিন্তু প্রশ্ন উঠেছে অখ্যাত সৌদি লিগে নাম লিখিয়ে কি ফুটবলকেই বিদায় বললেন না রোনালদো? ক্যারিয়ারে বরাবরই লাইমলাইটে থাকা সিআর সেভেন সৌদি লিগে খেলে কি বিশ্ব ফুটবলে আড়ালে চলে যাবেন না?
সৌদি ক্লাবে যোগদান পর্যন্ত বিশ্ব ফুটবলে আলোচনায় আছেন তিনি। কিন্তু আল নাসরে খেলে এই আলোচনা ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে বলেই দাবি ফুটবল বিশেষজ্ঞদের।
যদিও নতুন ক্লাবের জার্সি পরে সমর্থকদের সামনে আত্মপ্রকাশের পরই একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন, এশিয়ায় খেলতে এসেছেন মানেই তার ক্যারিয়ার শেষ নয়। তবে একইসঙ্গে এও জানালেন ‘ইউরোপে আমার কাজ শেষ। সেখানে আমি সবকিছুই জিতেছি’।
সৌদি আরবে ইতোমধ্যে রোনালদো ইফেক্ট শুরু হয়ে গেছে। আল নাসরে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সৌদির ক্লাবের ফলোয়ার্স সংখ্যা রাতারাতি আকাশ ছুয়েছে। সৌদির ক্লাবের ফলোয়ার্স সংখ্যা ১.২ মিলিয়ন থেকে এখন ৮.৯ মিলিয়নে পৌঁছেছে। অবশ্য এটাই হওয়ার ছিল। যে মানুষটা আল নাসরে এসেছেন, তাকেই ইনস্টাগ্রামে সব চেয়ে বেশি মানুষ ফলো করেন। তার ফলোয়ার্স সংখ্যা ৫২৬ মিলিয়ন।
সৌদি লিগে খেলে এই ‘রোনালদো ক্রেজ’ কতদিন থাকে সেটাই এখন দেখার বিষয়!








