সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে শাহেদা আক্তার রিপা ও অধিনায়ক শামসুন্নাহারের লক্ষ্যভেদে স্বাগতিকরা ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। উন্নতি খাতুনের জায়গায় সোহাগী কিসকু ও আইরিন খাতুনের জায়গায় খেলেছেন মাহফুজা খাতুন নামেন। নেপাল একাদশে কোনও পরিবর্তন আনেনি।
ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক দল। নেপালের রক্ষণভাগেই তারা আক্রমণ শানিয়েছে বেশি। যদিও স্বাগতিকদের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ম্যাচঘড়ির ২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে ফাঁকায় বল পেয়েও আকলিমার শট গেছে ক্রসবারের ওপর দিয়ে।
১৮ মিনিটে শাহেদা আক্তার রিপার আড়াআড়ি ক্রসে আকলিমা খাতুন শট নিলে গোলকিপার কবিতা বিকে জায়গা থেকে ডানদিকে একটু সরে এসে দ্বিতীয় প্রচেষ্টায় সেটি রক্ষা করেছেন।
৩২ মিনিটে বক্সের ভিতরে শামসুন্নাহারকে ফেলে দিয়েছিলেন কুমারি তামাং। কিন্তু সেটি ভুটানের রেফারির চোখ এড়িয়ে গেছে!
চার মিনিট পর নেপাল এই অর্ধে বলার মতো আক্রমণ গড়েও সাফল্য পায়নি। বক্সের ভেতরে বল পেলে আমিশা কারকির জোরালো শট অল্পের জন্য লক্ষ্যে পৌঁছায়নি।
শেষ দিকে অবশ্য বাংলাদেশকে আর হতাশ হতে হয়নি। ৪২ মিনিটে কুমারি তামাং বক্সের মধ্য থেকে ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। তার ভুল পাসে কাছে থাকা শাহেদা আক্তার রিপা বল পেয়ে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপিয়েছেন।
যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে নেন অধিনায়ক শামসুন্নাহার। আফইদার লং বল প্রতীক্ষা চৌধুরী ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। শামসুন্নাহার বল পেয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত শটে স্কোর ২-০ করেছেন।
বাংলাদেশ দল:
রুপনা চাকমা, শামসুন্নাহার, নাসরিন আক্তার, সুরমা জান্নাত, আফইদা খন্দকার, সোহাগী কিসলু, স্বপ্না রানী, মাহফুজা খাতুন, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন ও ইতি খাতুন।









