মারিও লেমস খুব করে চেয়েছিলেন আজকের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে প্রিমিয়ার লিগের লড়াইয়ে টিকে থাকতে। কিন্তু মিগুয়েল দামাসেনো তা হতে দেননি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোড়া গোল করে আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। কিংসের কাছে ২-১ গোলে হেরে আকাশি-নীল জার্সিধারীরা এখন ট্রফি জয় থেকে অনেক দূরে। এমন ‘হাইভোল্টেজ’ ম্যাচ হেরে আবাহনী শিবির বিষণ্ন।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস ডাগ আউটে দিক-নির্দেশনা দিয়েও দলের হার এড়াতে পারেননি। কিংসলে-নোরাহ গোল পাননি। ডিফেন্ডাররা করেছেন ভুল। তাতেই সর্বনাশ। ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এভাবে একের পর এক গোল মিস করলে ম্যাচ জেতা যায় না। এছাড়া ডিফেন্ডারদের ভুলের কারণে আমরা গোল হজম করেছি। এভাবে হলে তো ভালো খেললেও কোনও লাভ নেই।’
লিগে প্রথমবার হেরে বসুন্ধরার সঙ্গে ব্যবধান আরও বড় হলো আবাহনীর। বসুন্ধরা ১০ ম্যাচে সবকটিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করেছে। এক ম্যাচ কম খেলে আবাহনী ৫ জয় ও তিন ড্র এবং প্রথম হারে আগের ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
এই অবস্থায় লিগে এখন দ্বিতীয় স্থানের জন্য লড়তে হবে বলে লেমসের পরিষ্কার কথা— ‘বসুন্ধরাকে সামনের দিকে অন্য দলগুলো আটকাতে পারবে বলে মনে হয় না। তাই তাদের এক অর্থে শিরোপা প্রায় নিশ্চিত। এখন আমাদের দ্বিতীয় স্থানের লড়াই করতে হবে। এছাড়া তো কোনও পথ দেখছি না।’
বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন খুশি, ‘আমরা কঠিন ম্যাচ জিতেছি। যদিও শিরোপার পথ অনেক পরিষ্কার হয়েছে। তবে আমি মনে করি, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।’









