বল পায়ে রেখে ছোট ছোট পাসে বার্সেলোনার প্রতিপক্ষকে অসুবিধায় ফেলার দৃশ্য চিরচেনা। কিন্তু অচেনা রূপ দেখা গেলো বৃহস্পতিবার। তারা বল দখলে রেখেছিল ৪০ শতাংশেরও কম, যা দেখে হতাশ কোচ জাভি হার্নান্দেজ।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সা বল দখলে রেখেছিল মাত্র ৩৫ শতাংশ। যা গত ৮ মৌসুম ও সবশেষ ৬৮৫ ম্যাচে সবচেয়ে কম। এমনকি বিব্রতকর রেকর্ডও হয়েছে তাদের। এর আগে সবচেয়ে কম ৪৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল কাতালানরা।
ম্যাচটি বার্সা জিতেছে এডার মিলিতাওয়ের আত্মঘাতী গোলে। বিজয়ের হাসি হাসলেও খেলোয়াড়রা বেশিক্ষণ বল পায়ে রাখতে না পারায় খুশি হতে পারেননি জাভি, ‘দলের প্রচেষ্টা ও প্রতিহত করার ধরন দেখে আমি সন্তুষ্ট। মাদ্রিদকে তাদের নিজ মাঠে আমরা সুযোগ নিতে দেইনি, যেখানে তারা সাধারণত অনেক সুযোগ পায়। এটা ছিল ইতিবাচক ফল, যেটা নিয়ে আমি খুশি। কিন্তু বল পায়ে রাখতে আমাদের আরও কাজ করতে হবে। বল দীর্ঘক্ষণ ধরে রাখার পরিকল্পনা ছিল, কিন্তু আমরা পারলাম না। সাধারণত আমরা এই জায়গায় তুলনামূলকভাবে ভালো।’
মাদ্রিদের চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও বার্সা তাদের প্রতিপক্ষকে লক্ষ্যে একটিও শট নিতে দেয়নি। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর কাছে হারার পর প্রথমবার গোলকিপারকে পরীক্ষায় ফেলতে ব্যর্থ রিয়াল। তাদের শেষ ২৯৪টি হোম ম্যাচেও কখনও লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হয়নি তারা।
আগামী ৫ এপ্রিল ন্যু ক্যাম্পে হবে দ্বিতীয় লেগ। এই ম্যাচের আগে ১৯ মার্চ লা লিগায় দুই দল মুখোমুখি হবে। এই দুটি ম্যাচে নিশ্চিতভাবে ভুল শুধরে নিয়ে নিজেদের সর্বোচ্চটা দেবে বার্সা।









