এ যেন ঘরের শত্রু বিভীষণ। বায়ার্ন মিউনিখের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই। অথচ শত্রুশিবিরের বাসিন্দাদের কাছ থেকেও সমর্থন পাবে প্যারিসের ক্লাব!
শীর্ষ লিগের ফুটবল ক্লাবটির জন্যই মিউনিখ শহরের বেশ খ্যাতি আছে। সেখানে আছে আইকনিক স্টেডিয়াম অ্যালিয়েঞ্জ এরেনা। তারা শুধু ইউরোপে নয়, বিশ্বেও সমাদৃত। তবে বাভারিয়ানদের রাজধানী শহরভিত্তিক আরেকটি দল মিউনিখ ১৮৬০। ক্লাবটি ২০১৮ সাল থেকে জার্মান ফুটবলের তৃতীয় স্তরে খেলছে এবং বর্তমানে তারা অষ্টম।
এই ক্লাবটি ও তার সমর্থকরাই বায়ার্নের ঘরের শত্রু। বুধবার পিএসজির সমর্থনে দেখা যাবে তাদের। মিউনিখ ১৮৬০-এর মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক সংবাদ সাইট ডাই ব্লো ২৪-এর পরিচালক ওলিভার গ্রিস বললেন, ‘মিউনিখের সাধারণ বাসিন্দারা মিউনিখ ১৮৬০-কে সমর্থন করে। অন্যদিকে বায়ার্নের সমর্থকরা গোটা দেশ থেকে আসে, এমনকি বিদেশ থেকেও। আমি জানি না একজন ১৮৬০ ভক্তও বুধবার বায়ার্নকে সমর্থন দেবে কি না। মিউনিখ বাসিন্দাদের মধ্যে সংহতি কখনো ছিল না, থাকবেও না।’
মিউনিখ ১৮৬০-এর এক ভক্ত তো ফরাসি সমর্থকদের কিছু কৌশল শিখিয়ে দিতে প্রস্তুত। ৬০ বছর বয়সী হ্যান্স বললেন, ‘আমরা পিএসজিকে সমর্থন দিবো, কারণ সবচেয়ে বড় কথা আমরা বায়ার্নের বিরুদ্ধে। শহরে আমরা প্যারিসিয়ানদের সঙ্গে বিয়ার পান করবো এবং তাদের শুভকামনা জানাবো। তারা যদি চায়, আমরা কিছু বায়ার্নবিরোধী স্লোগান শিখিয়ে দিতে পারি।’
আরেকজন মিউনিখ ভক্তের পছন্দ কিলিয়ান এমবাপ্পে। পিএসজি স্ট্রাইকারের জন্য দলটিকে সমর্থন দেবেন তিনি। স্টেডিয়ামের কাছের কোনও এক পানশালায় পিএসজির স্কার্ফ পরে ম্যাচ দেখবেন, ‘যদি পিএসজি পরের পর্বে ওঠে, বিয়ারের বন্যা হবে।’
আগের লেগে ১-০ গোলে হেরেছে পিএসজি। শত্রুশিবিরের সমর্থনে ভাগ্য বদলাতে পারে কি না, সেটাই দেখার।









