দারুণ খেলছিলেন বাংলাদেশ গোলকিপার রুপনা চাকমা। বেশ কয়েকটি আক্রমণ রুখে দলকে ম্যাচে রেখেছিলেন। কিন্তু শেষ দিকে এসে বড় ভুলই করে বসলেন রাঙামাটি থেকে উঠে আসা এই গোলকিপার। তার করা ভুলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ইরান। তাতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ইরান ১-০ গোলে স্বাগতিকদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে পরের পর্বে জায়গা করে নিয়েছে।
রবিবার (১২ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ইরানের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে বাংলাদেশ। অনেকটাই আক্রমণ-প্রতি আক্রমণনির্ভর ম্যাচ হয়েছে। প্রথমার্ধে উভয় দল সুযোগ পেলেও গোলের খাতা খুলতে পারেনি।
শুরুর দিকে ছিল ইরানের আধিপত্য। ম্যাচঘড়ির ১০ মিনিটে তারা ভালো সুযোগ পায়। সতীর্থের থ্রু পাস থেকে নাস্তারান মোহাম্মদখানি বক্সে ঢুকে শট নিলেও তা অল্পের জন্য বাইরে দিয়ে গেছে।
১৭ মিনিটে নেগিন জান্দি বক্সের ভেতরে বল পেয়ে গোলকিপারের হাতে তুলে দিয়েছেন। একটু পর জান্দির হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয়। একটু গুছিয়ে নিয়ে বাংলাদেশ প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিল তারপর।
২০ মিনিটে স্বপ্নার স্কয়ার পাস থেকে আকলিমা ৬ গজের মধ্যে প্লেসিং করলেও প্রতিপক্ষ গোলকিপার সেটি প্রতিহত করেছেন।
৩ মিনিট পর শাহেদা আক্তার রিপার ফ্রিকিক ক্রসবারের ওপর দিয়ে গেলে আবার হতাশ হতে হয় সমর্থকদের।
৩২ মিনিটে স্বাগতিকদের আরও একটি প্রচেষ্টা নস্যাৎ হয়েছে। স্বপ্নার ক্রসে আকলিমা পা ছোঁয়াতে পারেননি। সতীর্থ আরেকজন খেলোয়াড় লক্ষ্যে শট নিলেও তা দূরের পোস্ট দিয়ে গেছে।
বিরতির পরও প্রায় একই গতিতে খেলা চলতে থাকে। ৪৮ মিনিটে ইরানের একটি প্রচেষ্টা দূরের পোস্ট দিয়ে গেছে। ৫৬ মিনিটে রিপার ফ্রিকিক ক্রসবারের অনেক ওপর গেলে আরেকটি সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের।
শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ইরান এগিয়ে গেছে। সতীর্থের থ্রু পাস ধরে নেগিন জান্দি এগিয়ে যাওয়ার সময় তাকে আটকাতে যান গোলকিপার রুপনা চাকমা। পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও শেষ রক্ষা করতে পারেননি। নেগিন তাকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেছেন। বাংলাদেশ গোল শোধের চেষ্টা করেও সফল হতে পারেনি।
দুই ম্যাচে ইরান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে। সমান ম্যাচে একটিতে হেরে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ।









