আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের আসন্ন খেলায় অধিনায়কত্ব করবেন কাসেমিরো। অনেকে মত দিচ্ছেন, ম্যানচেস্টার ইউনাইটেডেও তাকে একই ভূমিকায় বেছে নিতে পারেন এরিক টেন হ্যাগ।
রিয়াল মাদ্রিদ থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর কাসেমিরো এই মৌসুমে ক্লাবের অন্যতম সেরা পারফর্মার। মাঠে ও মাঠের বাইরে তার প্রভাব স্পষ্ট। সেক্ষেত্রে ইউনাইডেকে নতুন করে পুনর্গঠনে এই ব্রাজিলিয়ানকে বিবেচনায় আনতে পারেন টেন হ্যাগ।
গ্লোবোর রিপোর্টে উঠে এসেছে, শনিবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন কাসেমিরো। তারপর থেকে কিছু মহল থেকে দাবি উঠেছে, ইউনাইটেডের অধিনায়কত্বও তাকে দেওয়া হোক।
থিয়াগো সিলভার অনুপস্থিতিতে কাসেমিরো নেতৃত্ব দিতে যাচ্ছেন। ব্রাজিল স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ও বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় এখন এই ৩১ বছর বয়সী মিডফিল্ডার। রামোন মেনেজেসের অধীনে তিনি যদি দেশের স্থায়ী অধিনায়ক হন, তাহলে টেন হ্যাগের প্রতি তাকে নেতৃত্ব দেওয়ার দাবি নিঃসন্দেহে আরও জোরালো হবে।
গত কয়েক সপ্তাহ ধরে ইউনাইটেডের অধিনায়কত্ব আলোচনার কেন্দ্রে। বিশেষ করে লিভারপুলের কাছে ৭-০ গোলে হারার পর ব্রুনো ফার্নান্দেসের বাজে পারফরম্যান্স চোখে পড়েছে। ইউনাইটেডের আনুষ্ঠানিক অধিনায়ক হ্যারি মাগুইরে হলেও তার সময় ভালো যাচ্ছে না, এই মৌসুম শেষে নাকি ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে যাচ্ছেন তিনি। সেক্ষেত্রে নতুন অধিনায়কের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন টেন হ্যাগ। এখন দেখার অপেক্ষা কাসেমিরোকে সেই দায়িত্বটা দেন কি না!









