সেশেলসের বিপক্ষে এলিটা কিংসলে শুরু থেকে খেলবেন। বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হবে ৩৩ বছর বয়সী নাইজেরিয়ান বংশোদ্ভুত স্ট্রাইকারের- এমন সম্ভাবনা থাকলেও কোচ হাভিয়ের কাবরেরা প্রথম একাদশে তাকে রাখার কোনও ঝুঁকি নেননি। তবে বিরতির পর শুরু থেকে ঠিকই কিংসলেকে মাঠে নামান তিনি।
আমিনুর রহমান সজীবের জায়গায় প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমে ইতিহাস গড়েছেন কিংসলে। ২০২১ সালে কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকে থেকে স্বপ্ন দেখছিলেন, লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামবেন। দলকে ভালো কিছু উপহার দেবেন।
দেরিতে হলেও অবশেষে কিংসলের স্বপ্ন পূরণ হলো। ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৯তম স্থানে থাকা সেশেলসের বিপক্ষে এখন গোল পেলে তার আনন্দের মাত্রা বেড়ে দ্বিগুণ হবে। এমনিতে তারিক কাজীর গোলে বাংলাদেশ এগিয়ে থেকে বিরতির পর খেলা শুরু হয়েছে। কিংসলের অন্তর্ভুক্তিতে দলে শক্তি যেন আরও বেড়ে গেলো।









