চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগের পর কোপা দেল রেতেও ব্যর্থ দল বার্সেলোনা। বুধবার রাতে ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে তারা। অথচ এই বছর তাদের বিপক্ষে জিতে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল কাতালান জায়ান্টরা। এবার মাদ্রিদ ক্লাবকে টপকে তারা লা লিগা শিরোপার দৌড়ে বেশ এগিয়ে। রিয়ালের কাছে সবশেষ হারের দুঃখ ভুলে এখন সেদিকেই মনোযোগ বার্সা কোচ জাভি হার্নান্দেজের।
অবশ্য রিয়ালের কাছে এই হার হজম করা কঠিন বলে স্বীকারোক্তি জাভির। কারণ প্রথম লেগ ১-০ গোলে জিতে এগিয়ে ছিল তারা। তাছাড়া চলতি বছর তিনটি ক্লাসিকোর সবগুলো জিতেছিল বার্সা। স্প্যানিশ সুপার কাপ ফাইনাল, তারপর কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ ও সবশেষ লা লিগায় রিয়ালকে হারায় তারা। লিগে ১২ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে কাতালানরা।
ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে জাভি বললেন, ‘এটা হজম করা কঠিন। আমরা ভালো করছিলাম, কিন্তু দ্বিতীয় গোলের পর আমরা ছন্দ হারাই। সম্ভবত পরিপক্বতা (ঘাটতি ছিল)। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড়। মাদ্রিদ ভালো না খেলেও বিরতিতে লিড নিয়েছিল।’
বার্সা কোচ মনে করিয়ে দিলেন ম্যাচ শুরুর আগের সতর্কতার কথা, ‘আমরা লিড নিলে ভিন্ন কিছু হতে পারতো। কারণ প্রথমার্ধে আমরা ভালো করছিলাম। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ ভালো ছিল। আমি বলেছিলাম তারা ফেভারিট (ম্যাচের আগে)। তারা চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী, তারা সেরা দল। খেলোয়াড়দেরকে বলেছিলাম এটাই মাদ্রিদ। আপনি আধিপত্য করবেন, সুযোগ তৈরি করবেন, কিন্তু হাফ টাইমে ১-০ তে পিছিয়ে যাবেন। ফুটবল মুহূর্তের খেলা এবং মাদ্রিদ সেগুলোর সুবিধা নিয়েছে।’
তিনটি টুর্নামেন্টে ব্যর্থ হলেও স্প্যানিশ সুপার কাপের পর লা লিগা জিততে পারলে এই মৌসুমকে সফল বলবেন জাভি, ‘আমরা সুপার কাপ জিতেছিলাম এবং লা লিগাতে ভালো করছি। আমাদের লড়াই করে যেতে হবে, যদি লা লিগা ও সুপার কাপ জিতি, এটা হবে খুব ভালো মৌসুম। এই ফল সেই অর্জনকে ক্ষুণ্ন করবে না। আমরা আজ কষ্ট পেয়েছি। আজকের রাতে ঘুমাতে কষ্ট হবে। কিন্তু (বৃহস্পতিবার থেকে) জিরোনাকে নিয়ে ভাববো আমরা। কোপার সেমিফাইনালে হেরেছি কিন্তু এখন পুরো মনোযোগ লা লিগায়।’








