ইউরোপে খেলা একের পর তারকা খেলোয়াড় যোগ দিচ্ছেন চাইনিজ সুপার লিগে। রামিরেস, জ্যাকসন মার্টিনেজসহ অনেকেই ইউরোপ ছেড়ে চাইনিজ ক্লাবে নাম লিখিয়েছেন। সর্বশেষ তাতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা একেকুয়েল লাভেজ্জি। চীনে পাড়ি জমানো ফুটবলারদের তালিকাটা ক্রমাগত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবর ম্যানইউ তারকা ওয়েইন রুনিকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে সাংহাই শেনহুয়া। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিন বছরের চুক্তিতে রুনিকে পেতে চাইছে চাইনিজ ক্লাবটি। রুনিকে পেতে সাপ্তাহিক বেতন বাবদ ৫ লাখ পাউন্ড দিতেও প্রস্তুত সাংহাই।
অবশ্য, এ ব্যাপারে ম্যানইউর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। ওল্ড ট্রাফোর্ডে রুনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতেই আরও দু’বছর বাকি।
/এমআর/








