অভিজ্ঞ কোচ শফিকুল ইসলাম মানিক নেই। সহকারী কোচ সাবেক তারকা আলফাজ আহমেদকে মোহামেডানের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের শুরুর ম্যাচে নতুন কোচের কোচিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। সোলেমানে দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডান ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
শনিবার শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৮ মিনিটে মুক্তিযোদ্ধা গোল করে মোহামেডানকে ভড়কে দেয়। জিম্বাবুয়ের ডিফেন্ডার ডিজিংগাই লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। গোল খেয়ে মোহামেডান যেন গর্জে ওঠে। একের পর এক আক্রমণ গড়ে গোলও পেতে থাকে।
২২ মিনিটে সতীর্থের ক্রসে মালির স্ট্রাইকার দিয়াবাতে হেডে সমতা আনেন। ৩৬ মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪২ মিনিটে মুজাফফারভ প্রায় ৩৫ গজ দূর থেকে তৃতীয় গোল করে মুক্তিযোদ্ধাকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন।
বিরতির পরও দুর্বার মোহামেডান। পেনাল্টি থেকে ৪৯ মিনিটে দিয়াবাতে লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এ নিয়ে লিগে দ্বিতীয় হ্যাটট্রি করলেন তিনি। এর আগে এফসি উত্তরা আজমপুরের বিপক্ষে প্রথমবার তিন গোল এসেছিল। এবারের লিগে সব মিলিয়ে চতুর্থ হ্যাটট্রিক হলো।
ইমানুয়েল ৬৯ মিনিটে পঞ্চম ও সাজ্জাদ হোসেন ৮৪ মিনিটে ষষ্ঠ গোল করে মোহামেডানকে বড় জয় পেতে সহায়তা করেন। দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে হারায় পুলিশ এফসিকে।
মোহামেডান ১১ ম্যাচে পঞ্চম জয় ও তৃতীয় ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। মুক্তিযোদ্ধা সমান ম্যাচে সপ্তম হারে আগের ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে। শেখ রাসেল তৃতীয় ও পুলিশ রয়েছে চতুর্থ স্থানে।







