সারা বছর ওরা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করে থাকে। সেখানকার ডরমেটরিতে থেকে অনুশীলন করে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। দুই মৌসুম ধরে বাফুফের এই এলিট একাডেমি দলটি পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে।
উদ্দেশ্য হলো উদীয়মান খেলোয়াড়রা খেলার মধ্যে থেকে নিজেদের অভিজ্ঞ করে নেবে। সেই পথে বেশ ভালোভাবেই আছে তারা। প্রথমবার চতুর্থ হয়েছিল। আর এবার হয়েছে রানার্সআপ। এতেই আনন্দ খুঁজে নিচ্ছেন একাডেমির কোচ রাশেদ আহমেদ পাপ্পু।
মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ লিগে নিজেদের শেষ ম্যাচে এলিট একাডেমি ৩-১ গোলে হারায় ফর্টিস একাডেমিকে। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে তারা। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে উঠবে শীর্ষ দুই দল। কিন্তু এর মধ্যে এলিট একাডেমি থাকলে তারা প্রিমিয়ারে খেলবে না। রয়ে যাবে চ্যাম্পিয়নশিপ লিগেই। তাই উদীয়মানদের সামনে এবার সুযোগ থাকলেও প্রিমিয়ারে খেলা হচ্ছে না।
একাডেমির কোচ পাপ্পু অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের দলটি এবার ভালো খেলেছে। সবারই বয়স ১৭ থেকে ১৮। ওরা যেন খেলার মধ্যে থাকে এজন্য চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হয়েছে। সামনের দিকে যে কোনও ক্লাবে খেলতে হলে এই অভিজ্ঞতা বেশ কাজে দেবে।’









