টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট নিয়ে নতুন কৌশল প্রয়োগ করেছেন সিইও এলন মাস্ক। ১ এপ্রিল থেকে পুরোনো অ্যাকাউন্টের ভেরিফায়েডের স্বীকৃতিমূলক চিহ্ন ‘ব্লু ব্যাজ’ মুছে ফেলা হচ্ছে। নীল টিক হারিয়ে ফেলা তারকাদের মধ্যে এবার পড়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
১০ কোটি ৮৩ লাখ ফলোয়ার থাকা সত্ত্বেও পর্তুগাল তারকার নামের পাশে নেই ভেরিফিকেশন স্টাম্প। মাস্কের নতুন কৌশলের শিকার হলেন রোনালদো। অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফায়েড করা নিয়ে অনিয়ম ধরা পড়ায় এই মাস থেকে পুরোনো অ্যাকাউন্টগুলোর ব্লু ব্যাজ মুছে যেতে শুরু করে। নতুন শর্ত পূরণ করে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট।
নীল টিক মুছে যাওয়ায় রোনালদোর কাছ থেকে এখনও কোনও মন্তব্য আসেনি। অদূর ভবিষ্যতে কবে তিনি ব্লু ব্যাজ ফিরে পাবেন, সেটা অস্পষ্ট।
সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, এনবিএ লিজেন্ড লেব্রন জেমসসহ কিছু সেলিব্রেটি ব্যবহারকারীদের টিক চিহ্ন বহাল রাখতে নিজে খরচ বহন করছেন মাস্ক। বোঝাই যাচ্ছে, তাদের মধ্যে নেই ফুটবল বিশ্বের উজ্জ্বল নক্ষত্র রোনালদো।









