এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলার ফল লুফে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। ৬ গোলে জেতা ম্যাচটায় একমাত্র জোড়া গোল ছিল ফরোয়ার্ড থুইনু মারমার। অসাধারণ পারফরম্যান্সের পর এবার তার দৃষ্টি আরও সামনের দিকে। ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক করতে চাইছেন এই পাহাড়ি কন্যা।
বৃহস্পতিবার সিঙ্গাপুরে বাংলাদেশ দল রিকোভারি সেশন ছিল। সকালে হালকা ওয়ার্মআপের পর বিকালে সুইমিং করে সময় কাটিয়েছে। তারই এক ফাঁকে থুইনু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার খুব ভালো লাগছে। মাঠে দর্শক ছিল অনেক। তাদের সামনে গোল করতে পেরেছি। সাফের পর যে অনুশীলন করেছি, সেই ভুলগুলো সংশোধন করে খেলেছি। পরের ম্যাচে হ্যাটট্রিক করার চেষ্টা থাকবে। নিজের পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবো।’
দলের ডিফেন্ডার জয়নব বিবি স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রবাসী সমর্থকদের সমর্থন আশা করে বলেছেন, ‘কালকের ম্যাচটা ভালো ছিল। দর্শকরা মাঠে এসেছিল। আশা করছি, পরের ম্যাচেও দর্শকরা আসবে। আমাদের আগের মতো সমর্থন করে যাবে।’
দলের সহকারী কোচ অনন্যা রহমান দলের বর্তমান অবস্থা তুলে ধরে বলেছেন, ‘সবাই ভালো আছে। সুরভী আকন্দ প্রীতির একটু ব্যথা রয়েছে। তবে ম্যাচের আগে ঠিক হয়ে যাবে। আশা করছি, দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো। ভালো কিছু নিয়ে দেশে ফিরতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’









