সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামের আসন সংখ্যা ৬ হাজার। এই মাঠে আগামীকাল রবিবার বাংলাদেশ ও সিঙ্গাপুর নারী ফুটবল দল মুখোমুখি হতে যাচ্ছে। এএফসি অনূর্ধ-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচটিকে ঘিরে উত্তেজনা কম নয়। এরই মধ্যে ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে! প্রবাসী সমর্থকদের একটি অংশ থাকার সম্ভাবনা রয়েছে। তাদের উপস্থিতিতেই স্বাগতিকদের হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিতে চাইছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ‘ডি’ গ্রুপের দ্বৈরথের আগে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সংগ্রহ সমান ৩টি করে পয়েন্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে স্বাগতিকরা (+৭)। বাংলাদেশ +৬ গোল নিয়ে অবস্থান করছে দুইয়ে।
রবিবার বাংলাদেশ ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের রাউন্ডে উঠে যাবে সিঙ্গাপুর। তাই ম্যাচে জয়ের বিকল্প নেই। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘সিঙ্গাপুর ভালো দল। তাদের একাধিক কুশলী ফুটবলার রয়েছে। আমরা অবশ্য সেদিকে দৃষ্টি দিচ্ছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই, মনোযোগ দিচ্ছি নিজেদের স্বাভাবিক খেলাটার দিকে।’
২০০৯ সাল থেকে নারী ফুটবল নিয়ে কাজ করা অভিজ্ঞ এ কোচ যোগ করেন, ‘সিঙ্গাপুর ভালো দল, তাদের সমীহ করছি। কিন্তু নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে পারবো বলে আমি আশাবাদী।’
সুরভী আকন্দ প্রীতির গোড়ালিতে সামান্য চোট আছে। সেটা গুরুতর নয় বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ। এছাড়া সবাই সুস্থ, সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রস্তুত। শেষ মুহূর্তে প্রীতিকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ছোটন জানিয়েছেন।
ম্যাচের আগে দর্শক আগ্রহের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ দলও। ছোটন বলেছেন, ‘কমলাপুর স্টেডিয়ামে সবসময় দর্শক পূর্ণ গ্যালারিতে খেলে অভ্যস্ত বাংলাদেশ দল। নিকট অতীতে এই মেয়েদের দর্শক পূর্ণ গ্যালারিতে দুটি প্রতিযোগিতার বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মাঠের নৈপুণ্য দিয়ে সমর্থকদের ভালবাসার প্রতিদানও দিয়েছে মেয়েরা। আশা করছি, এ ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। মাঠ ভর্তি দর্শকদের সামনে ভালো ম্যাচ হবে।’
অধিনায়ক রুমা আক্তারের আত্মবিশ্বাস কম নয়। কোচের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন,‘সিঙ্গাপুরের কিছু কিছু খেলোয়াড় টেকনিক্যালি ভালো। আমরা স্বাভাবিক খেলাটা খেলবো। এই ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে চাই। এই ম্যাচ জিততে চাই। জেতার জন্যই মাঠে যাবো।’
আরেক ফুটবলার কানন বালা দেশবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ‘দেশবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার আত্মবিশ্বাস আছে। কমলাপুরে দর্শক ছিল। এখানে সমর্থন পেলে ভালো ফল দিতে পারবো।’









