বল দখল কিংবা সুযোগ তৈরি, দুটো ক্ষেত্রেই ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের মাঠে আধিপত্য দেখালো। কিন্তু এক ঘণ্টারও বেশি সময় পিছিয়ে ছিল তারাই। শেষ পর্যন্ত কেভিন ডি ব্রুইনার চোখ ধাঁধানো গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। এই গোলটি নিয়ে আপত্তি আছে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির। শুধু তিনি কেন, গোটা স্পেনই হয়তো এই গোল হয়েছে বলে মনে করে না।
কামাভিঙ্গার পাসে রদ্রি হস্তক্ষেপ করে বল বাড়িয়ে দেন জ্যাক গ্রিলিশকে। তার সামনে বাড়ানো বলে ইকে গুন্ডোগান পাস দেন ডি ব্রুইনাকে। বেলজিয়ান তারকা একটু জায়গা বের করে ডানপায়ের শক্তিশালী শটে জাল কাঁপান ৬৭ মিনিটে। কিন্তু ওই গোল বিল্ডআপের সময় বার্নার্ডো সিলভা বল নিয়ন্ত্রণে নেওয়ার মুহূর্তে টাচলাইনের বাইরে ছিল, টিভি ইমেজ দেখে এমন দাবি করেছেন আনচেলত্তি। তাই ওই গোলটি বৈধ নয়, বললেন ইতালিয়ান কোচ।
পর্তুগিজ রেফারি আর্তুর সোরেসকে সমালোচনায় ধুয়ে দিলেন আনচেলত্তি, “দেখে মনে হয়েছে (বল) বাইরে ছিল। তার আগে একটি কর্নার ছিল যেটা (রেফারি) দেয়নি। রেফারি খুব মনোযোগী ছিল না। সে আমাকে হলুদ কার্ড দিলো এবং আমি বললাম, ‘মাঠে তাদের দিন, এখানে নয়।’’
ম্যাচের পরের সংবাদ সম্মেলনে তিনি আরও বললেন, ‘এটা বাইরে ছিল। আমি বলছি না, প্রযুক্তি বলছে। আমি আশ্চর্য। রেফারির মনোযোগ একদম ছিল না। খেলোয়াড়রা মাঠে আরও বেশি কার্ড পেতো, মাঠের বাইরে (আমি) নয়।’
ম্যাচ নিয়ে আনচেলত্তির মূল্যায়ন, ‘(অনুভূতি) ভালো। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা লড়েছি এবং সম্ভবত জয়ের দাবিদার ছিলাম। ভালো খেলা হয়েছে। এই ফল আমাদের সঙ্গে যায় না, কিন্তু এই লড়াই শেষ মিনিট পর্যন্ত হতে থাকবে।’








