মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন। পিঠের ইনজুরির কারণে রবিবার মালাগার বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি।
বেনজেমা ইনজুরি রিয়ালের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিল। কারণ ইতিমধ্যে চোট নিয়ে মাঠের বাইরে রয়েছেন গ্যারেথ বেল। তারওপর বেনজেমা ছিটকে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচে বিবিসি ত্রয়ীর দুজনকেই পাচ্ছে না রিয়াল।
দলের অভিজ্ঞ তারকা পেপেও ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে রবিবারের ম্যাচে খেলতে পারবেন না রাফায়েল ভারানেও। ফলে কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে রিয়ালের জন্য।
শনিবার লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে যায় বার্সেলোনা। ফলে রবিবারের ম্যাচে জয় না পেলে শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়বে রিয়াল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই দলের অন্যতম সেরা খেলোয়াড় বেনজেমাকে পাচ্ছেন না জিনেদিন জিদান।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন বেনজেমা। এখন অবধি ১৯টি লিগ ম্যাচে ১৯ গোল করেছেন এই ফরসি উইঙ্গার। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে করেছেন ৪ গোল।
/এমআর/








