সৌদি আরব ৪০ কোটি ডলার নিয়ে বসে আছে, এই মৌসুম শেষ হলেই ফ্রি এজেন্ট লিওনেল মেসির সঙ্গে চুক্তি করবে তাদের কোনও এক ক্লাব, উঠে আসছে আল হিলালের নাম। এদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ‘সেকেন্ড হোম’ বার্সেলোনাও তাকে ফেরাতে কোমর বেঁধে নেমেছে। ঝামেলা পাকিয়েছে আর্থিক ইস্যু। তারপরও মেসিকে নিয়ে সৌদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।
রবিবার ২৭তম লা লিগা শিরোপা জয়ের পরের দিন টিভিথ্রিকে লাপোর্তা বললেন, ‘সৌদি আরবের প্রতি সম্মান রেখে বলছি, যেখানে লিগে অনেক ভালো কাজ হচ্ছে এবং বিনিয়োগ হচ্ছে- কিন্তু বার্সা তো বার্সা।’
অর্থনৈতিকভাবে সৌদির সঙ্গে পেরে না উঠলেও সমর্থকদের ভালোবাসা দিয়ে বার্সা লড়াই করবে বললেন ক্লাব প্রধান, ‘বার্সা তার বাড়ি। বার্সা যে কারও সঙ্গে লড়তে পারে। এই ক্লাবের ইতিহাস ও আমাদের ৪০ কোটি সমর্থকদের অনুভূতি অনেক বেশি শক্তিশালী।’
মধ্যপ্রাচ্যের দেশ যে বেতন দেওয়ার জন্য তৈরি, সেটা মেসিকে নেওয়ার ক্ষেত্রে বার্সার হাত বেঁধে রেখেছে মনে করেন লাপোর্তা। কিন্তু তিনি আশাবাদী লা লিগা কঠোর আর্থিক নীতি শিথিল করে মেসিকে চুক্তির ব্যাপারে অনুমতি দেবে।









