অ্যাস্টন ভিলার বিপক্ষে শনিবারের ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। গত ৩০ এপ্রিল অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে লিভারপুলের ৪-৩ গোলের নাটকীয় জয়ের পর রেফারি পল টিয়েরনিকে নিয়ে গণমাধ্যমে সমালোচনায় করায় এই নিষেধাজ্ঞা পেয়েছেন জার্মান কোচ।
ক্লপকে ৭৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। একই অপরাধ আর করবেন না শর্তে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্থগিত রাখা হয়েছে আরেক ম্যাচের নিষেধাজ্ঞা। ভিলার বিপক্ষে টাচলাইনে থাকতে না পারলেও সাউদাম্পটনের ম্যাচে এই মৌসুমে শেষবার দেখা যাবে ক্লপকে।
টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের ৯৪তম মিনিটে ডিওগো জোতার জয়সূচক গোলের পর ক্লপ ফোর্থ অফিসিয়াল জন ব্রুকসের সামনে গিয়ে উদযাপন করেন। বিষয়টা ভালোভাবে নেননি টিয়েরনি, তাকে হলুদ কার্ড দেখান।
পরে এই বিষয়ে টিয়েরনিকে নিয়ে ক্লপ সংবাদ সম্মেলনে বলেন, ‘টিয়েরনির সঙ্গে আমাদের আগেও দেখা হয়েছিল। আমি সত্যিই জানি না, এই লোকটা আমাদের বিরুদ্ধে কেন। সে বলেছে তার কোনও সমস্যা নেই কিন্তু সেটা তো সত্যি নয়। কীভাবে আমার দিকে তাকায় দেখুন, আমি বুঝি না। কিন্তু আবারও? টটেনহ্যামের (২০২১ সালে) বিপক্ষে সে রেফারিং করছিল, যখন হ্যারি কেইনকে লাল কার্ড দেখানোর কথা। তার লাল কার্ড দিতে হতো। আর এই টিয়েরনি, এটা সত্যিই অদ্ভুত এবং বোঝা বড্ড কঠিন।’
পরে স্বতন্ত্র কমিশন তদন্ত শেষে জানায়, ক্লপের বাক্যগুলো ছিল অনুপযুক্ত আচরণ। এগুলো ছিল পক্ষপাতের অভিযোগ এবং রেফারির সততা নিয়ে প্রশ্ন তুলেছিল, যা ছিল ব্যক্তিগত এবং খেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
অবশ্য সংবাদ সম্মেলনের কদিন বাদে ক্লপ তার আচরণের জন্য ক্ষমা প্রকাশ করেন। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় ফোর্থ অফিসিয়ালের সামনে গিয়ে ওমন উদযাপন করার কথা বলেছেন তিনি।
৬৫ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে লিভারপুল। সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা জাগিয়েছে তারা। চতুর্থ দল ম্যানইউর চেয়ে এক ম্যাচ বেশি খেলে মাত্র এক পয়েন্ট পেছনে তারা।









