ফুটবল পায়ে মাঝমাঠে নির্ভরতার প্রতীক আন্দ্রেস ইনিয়েস্তা। অথচ ৩৯ বছর বয়সী মিডফিল্ডার চলতি মৌসুমে জাপানি লিগে মাত্র তিন ম্যাচ খেলেছেন, তাও প্রত্যেকবারই বদলি হিসেবে। দলে উপেক্ষিত থাকায় পাঁচ বছর পর ভিসেল কোবেকে বিদায় বলছেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা। তবে এখনই অবসর নেওয়ার কোনও চিন্তা নেই।
২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো ইনিয়েস্তা বার্সার হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ ও ৯টি লা লিগা জিতেছেন। বৃহস্পতিবার ভিসেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে গিয়ে অশ্রুসিক্ত তিনি।
বিভিন্ন সূত্রে খবর, মেজর সকার লিগ, সৌদি আরব, কাতার ও দুবাই থেকে ইনিয়েস্তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন ক্লাব। বয়স চল্লিশ ছুঁই ছুঁই হলেও প্রস্তাব মেনে নেওয়ার কথা ভাবছেন তিনি।
তবে কোন ক্লাবে যাবেন, তা এখনও চূড়ান্ত করেননি। সংবাদ সম্মেলনে বললেন সেই কথা, ‘আপনাদের সত্যি কথা বলি, আমি জানি না। আমি ফুটবল খেলে যেতে চাই। আমার মনে হয়, এখনও আমার খেলার সামর্থ্য আছে। কিন্তু এই অধ্যায় শেষে, আমরা দেখবো কী হয়। আমি মাঠে খেলা অবস্থায় আমার ক্যারিয়ার শেষ করতে চাই। আমি সেটা করতে পারবো আশা করি।’
বার্সেলোনায় লম্বা ক্যারিয়ার শেষে ২০১৮ সালে তিন বছরের চুক্তিতে জাপানি ক্লাবে যোগ দেন ইনিয়েস্তা। পরে মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। আগামী ১ জুলাই ভিসেলের হয়ে ঘরের মাঠে তিনি শেষ ম্যাচ খেলবেন। তার দল ১৪ রাউন্ড শেষে জে লিগের শীর্ষে।
ইনিয়েস্তা যোগ করেন, ‘অনেক বছর পর এটা খুবই আবেগঘন দিন। মাঠে ও মাঠের বাইরে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করেছি। আমি এজন্য গর্বিত।’
প্রথম দিন থেকে এই ক্লাবের ভক্ত ও খেলোয়াড়রা যেভাবে তাকে গ্রহণ করেছেন, তাতে কৃতজ্ঞ ইনিয়েস্তা, ‘প্রথম দিন থেকে এখানে আমাকে অনেক আপন করে নিয়েছিল সবাই।’









