গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যাবেন যাবেন করেও শেষ মুহূর্তে ইউটার্ন নিয়ে পিএসজিতে থেকে গেলেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি আবার তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। সেটা উড়িয়ে দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। চুক্তি লংঘন করবেন না তিনি। সামনের মৌসুমেও খেলবেন প্যারিসের ক্লাবে।
টানা চতুর্থবার বর্ষসেরা লিগ ওয়ান খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার পর এই ঘোষণা দেন এমবাপ্পে। ২৪ বছর বয়সী ফরোয়ার্ড কথা দেন, ‘পরের বছরও আমি প্যারিস সেন্ট জার্মেইতে খেলবো। এখনও ক্লাবটির সঙ্গে আমার চুক্তি আছে। আমি আমার চুক্তিকে শ্রদ্ধা করবো।’ আগামী মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন এমবাপ্পে।
বার্সেলোনায় কোল্ডপ্লে কনসার্টে যোগ দেওয়ায় ইউএনএফপি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ছিলেন না লিওনেল মেসি। তার সঙ্গে লিগ ওয়ান বর্ষসেরা দলেও জায়গা পেয়েছেন এমবাপ্পে।
দুইদিন আগে স্ত্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয় ও রেকর্ড ১১তম লিগ ওয়ান ট্রফি নিশ্চিত করেছে পিএসজি।









