এই তো দিন তিনেক আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই হয়ে গেলো। অল্প সময়ের ব্যবধানে আবারও আবাহনী-মোহামেডান ম্যাচ। তবে এবার প্রিমিয়ার লিগ নয়, ফেডারেশন কাপের ট্রফির লড়াই। দীর্ঘ ১৪ বছর পর দুই দলের ফাইনাল, তাদের এই রোমাঞ্চকর লড়াইয়ে চোখ রাখতে হবে আবাহনীর দানিয়েল কলিনদ্রেস ও মোহামেডানের সুলেমানে দিয়াবাতের ওপর। দুজনই এখন দলের সবচেয়ে বড় আস্থার প্রতীক।
ব্রাজিলিয়ান দোরিয়েল্তন চলে যাওয়ার পর গোলের চাপটা যেন কলিনদ্রেসের ওপর একটু বেশি। বয়স ৩৭ হলেও মাঠে ঘাম ঝরিয়ে খেলতে দেখা যাচ্ছে তাকে। প্রিমিয়ার ফুটবল লিগে ১১টি গোল করে এই বয়সে নিজেকে চিনিয়ে যাচ্ছেন কোস্টারিকার তারকা। তবে ফেডারেশন কাপে দলের ফাইনালে ওঠার নেপথ্যে তার গোল মাত্র একটি। তবে এমেকা ওগবা, পিটার নোরাহ কিংবা ফয়সাল আহমেদ ফাহিমকে দিয়ে গোল করাতে কম পারদর্শী নন তিনি।
তাই তো কুমিল্লার মাঠে আগামীকাল মঙ্গলবার (৩০ মে) ফাইনালের আগে শিরোপা জয়ের ইচ্ছার কথাটা অকপটে বলেই ফেললেন। কলিনদ্রেস জানেন দুই দলের লড়াইয়ে উত্তেজনার পারদ কতো ওপরে যেতে পারে। দীর্ঘদিনের দ্বৈরথ কিংবা ঐতিহ্যের লড়াই নিয়ে তাই কলিনদ্রেস বলেছেন, ‘এই ম্যাচে সমর্থকরা মাঠে আসবে। জনাকীর্ণ মাঠে খেলা হবে। কঠিন ম্যাচ হবে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশিদেরাও খেলবে। জমাট ম্যাচ হবে। ক্লাসিক ম্যাচ তো সবাই জিততে চায়। এটা ফাইনাল। আমরা চেষ্টা করবো শিরোপা জিততে।’
তারপর বাংলায় বললেন, ‘আমি ভালোবাসি আবাহনী, ভালোবাসি বাংলাদেশ।’
কলিনদ্রেসের সঙ্গে চোখ থাকবে অন্যদের ওপরও। মোহামেডানের বিপক্ষে গোল করার সুযোগ রয়েছে অন্যদেরও। তাই এমেকা, নোরাহ কিংবা ফাহিমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। আর একজনের কথা না বললেই নয়- রাফায়েল অগাস্তো। ফিট থাকলে কলিনদ্রেসের সঙ্গে তার জুটিটাও দেখার মতো হবে।
কলিনদ্রেস যেমন সেটপিসে ভালো। আবার বাঁ উইং দিয়ে দারুণ পাস কিংবা নিজেই বক্সে ঢুকে গোল করার চেষ্টা করেন। দিয়াবাতে আবার সলিড স্ট্রাইকার। তেড়েফুঁড়ে গোল করার দারুণ সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন। দ্রুতগতির এই ফুটবলার প্রিমিয়ার লিগে ১২টি গোল করে বেশ ফুরফুরে মেজাজে আছেন। ফেডারেশন কাপে দলের ফাইনালে ওঠার পেছনে রয়েছে তার সমান অবদান। ঝুলিতে জমা পড়েছে চার গোল।
ফাইনালে এক গোল করতে পারলেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পাবেন।
তবে দিয়াবাতের দৃষ্টিতে দলের জয়টাই মুখ্য, ‘আমি অনুশীলনে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছি। শিরোপা জেতার জন্যই খেলবো। ইনশাআল্লাহ।’









